ব্যবসার দায়িত্ব ছেলেকে বুঝিয়ে দিতে আদালতে ব্রিগেডিয়ার রহিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ ট্রাক অস্ত্র মামলার আসামি ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমকে গতকাল রোববার আদালতে হাজির করা হয়। নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ ও শেয়ার হস্তান্তরসহ ব্যবসায়িক নথিপত্রে সই দিতে তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় বলে জানা গেছে।আদালত সূত্র জানায়, গতকাল সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রাম কারাগার থেকে আবদুর রহিমকে পুলিশ আদালতে হাজির করে। পাঁচ মিনিট পর ১১টার দিকে তাঁকে মহানগর হাকিম আজিজুল হকের আদালতে নেওয়া হয়। সেখানেই তিনি নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বিল্ডার্স প্লাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পদ ছেড়ে দেওয়াসংক্রান্ত নথিতে সই করেন। এরপর একে একে তিনি প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তর, আয়করসংক্রান্ত কাগজপত্র ও লাইসেন্স নবায়নের অনুমোদনপত্রে সই দেন। সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, আদালতের নির্দেশে রহিমকে বিচারকের সামনে হাজির করা হয়। শেয়ার হস্তান্তরসহ ব্যবসায়িক নথিপত্রে সই করার সময় তাঁর ছেলে আবরার রহিম ও সংশ্লিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন। এরপর বেলা ১২টা ১০ মিনিটে তাঁকে ফের কারাগারে পাঠানো হয়।