ব্যবসায় কারসাজি নিয়ন্ত্রণে সংসদে বিল পাস
ব্যবসায় কারসাজি নিয়ন্ত্রণের জন্য ‘প্রতিযোগিতা বিল-২০১২’ গতকাল রোববার জাতীয় সংসদে পাস হয়েছে। বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলের ওপর আনা জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব ও সংশোধনী প্রস্তাব নাকচ হয়।বিলের উদ্দেশ্য ও কারণ-সম্পর্কিত বিবৃতিতে মন্ত্রী বলেন, গত কয়েক বছর বাজারে পণ্যের অযৌক্তিক দাম বাড়ানো ও অস্থিরতার জন্য অসাধু ব্যবসায়ীরা দায়ী। প্রতিযোগিতা আইন না থাকায় কিছু অসাধু ব্যবসাপ্রতিষ্ঠান লিখিত বা অলিখিত চুক্তির মাধ্যমে একজোট হয়ে দাম গড়াপেটা করে পণ্যের বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ আইন পাস হলে বাজার নিয়ন্ত্রণকারীদের হাত থেকে দেশবাসী রক্ষা পাবে।এ আইনে বলা হয়েছে, একজন চেয়ারপারসন ও অনধিক চারজন সদস্য নিয়ে প্রতিযোগিতা কমিশন গঠিত হবে। এ কমিশনের কাজ হবে বাজারের প্রতিযোগিতায় বিরূপ প্রভাব ফেলতে পারে—এমন বিষয় নির্মূল করা। কমিশনের আদেশ কেউ লঙ্ঘন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং প্রতিদিনের ব্যর্থতার জন্য সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা হবে।