পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন শিক্ষক সমিতির সভাপতি মুশফিকুর রহমানকে (৪৪) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আহত মুশফিকুর রহমানকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুশফিকুর রহমান বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাস থেকে বের হচ্ছিলেন। ক্যাম্পাসের ভেতরেই চার-পাঁচজন তাঁকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে শিক্ষার্থীরা তাঁকে পাবনা মেডিকেলে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুশফিকুর রহমান প্রথম আলোকে জানান, তিনি নিজ বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে ফিরছিলেন। আচমকা তাঁর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিশ্ববিদ্যালয়ের কোনো বিষয়ে মাথা না গলাতে হুমকি দেয়।
এদিকে শিক্ষকের ওপর হামলার খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের সামনে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের শান্ত করে।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শিক্ষকের ওপর এ ধরনের হামলা তাঁরা কোনো অবস্থাতেই মেনে নেবেন না। রাতের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামীকাল (আজ বৃহস্পতিবার) সকাল থেকে তাঁরা মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দেবেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী বলেন, হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রম্র পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রাতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা জরুরি বৈঠক করবেন। এরপর অন্য সিদ্ধান্ত জানানো হবে।
হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল নকীব চৌধুরী বলেন, ‘আমরা এ ঘটনায় মর্মাহত ও আতঙ্কিত। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, ঘটনার পরই বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। হামলাকারীদের খুঁজে বের করতে তদন্ত চলছে।