ব্যবসায় মন্দা, খামারির দুশ্চিন্তা

মেহেরপুরের গাংনী উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের হারেজ শেখ প্রতিবার কোরবানির ঈদে ১৩ থেকে ১৮টি গরু বিক্রি করেন। এবার ঈদে আজ অবধি তাঁর একটি গরুও বিক্রি হয়নি। গত বছরের মতো ব্যবসায়ীরা গরু দেখতেও আসছেন না।
হারেজ শেখ বেশ কয়েকটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে ৬ থেকে ৯ মাস বয়সী বাছুরের খামার করেছেন। সেগুলো এক বছর ধরে পরিচর্যা করেন। তিনি বলেন, গরুগুলো ঠিক সময়ে বিক্রি করতে না পারলে এনজিওর টাকা কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।
শুধু হারেজ শেখ নন, মেহেরপুরে প্রায় চার শ ছোট-বড় ও মাঝারি গরুর খামারের ৫০ হাজার গরু নিয়ে এবার দুশ্চিন্তায় আছেন খামারি ও ব্যবসায়ীরা। এ বছর বন্যা, গোখাদ্যের মূল্য বৃদ্ধি ও ভারতীয় গরু আসার খবরে বেচাকেনা কম হচ্ছে।
সদর উপজেলার রাজাপুর গ্রামের ইলিয়াস আলীও গরু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় আছেন। প্রতিবার এ সময় গরু বিক্রিতে ব্যস্ত থাকেন তিনি। এবার এ পর্যন্ত কয়েকজন গরুর ব্যবসায়ী খামারে গরু দেখে গেছেন। তাঁরা দাম একেবারে কম বলেছেন। এ অবস্থায় খামার টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে জানান তিনি।
সম্প্রতি জেলার সবচেয়ে বড় গাংনীর বামুন্দি ও সদরের গরুর হাটেগিয়ে দেখা যায়, জেলার নানা প্রান্ত থেকে খামারি ও ব্যবসায়ীরা গরু এনেছেন। কিন্তু বিক্রি একেবারে কম। বেশির ভাগ খামারি গরু ফেরত নিয়ে যান।
হাটে আসা গাংনীর করমদি গ্রামের কাউছার শেখ বলেন, তিনি বিক্রির জন্য ১১টি গরু এনেছিলেন। প্রতিটি গরুর তিন থেকে সাড়ে চার মণ মাংস হবে। গরুগুলো ৬০ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত বিক্রির আশা ছিল তাঁর। কিন্তু দাম অনেক কম হওয়ায় একটি গরুও বিক্রি করতে পারেননি। অতিরিক্ত গাড়ি ভাড়া দিয়ে গরু ফেরত নিয়ে যেতে হচ্ছে তাঁকে।
জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, মেহেরপুরে এবার গত বছরের থেকে প্রায় ১০ হাজার বেশি গরু হৃষ্টপুষ্ট করা হয়েছে। কোরবানির জন্য জেলায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার গরুর চাহিদা রয়েছে। বাকি গরু দেশের বিভিন্ন হাটে চলে যায়। ঢাকা ও চট্টগ্রামে মেহেরপুরের গরুর চাহিদা সবচেয়ে বেশি। ঈদুল আজহার দুই সপ্তাহ আগে থেকে ব্যবসায়ীরা গরু কিনে নিয়ে যান। কিন্তু এবার ১০ শতাংশও বিক্রি হয়নি।