ব্যবসায় মানবিকতা আনার আহ্বান ইউনূসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসার ক্ষেত্রেও মানবিকতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে ব্যবসায়ী নেতাদের প্রতি তিনি এ আহ্বান জানিয়েছেন। খবর ইউএনবির।
ড. ইউনূস বলেন, ব্যবসার পেছনেও একটি মানবিক বিষয় থাকা প্রয়োজন, যে ব্যবসা মানুষের ক্ষতি করবে না, পৃথিবীর অনিষ্ট করবে না, মানুষকে বঞ্চিত করবে না, করবে না দুর্নীতি বা প্রবঞ্চনা।
সুইজারল্যান্ডের ডাভোসে গত ২২ থেকে ২৫ জানুয়ারি ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার ইউনূস সেন্টারের এক বিবৃতিতে জানানো হয়, সম্মেলনে ২৩ জানুয়ারি পুঁজিবাদের ভবিষ্যৎ নিয়ে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। ড. ইউনূসের সঙ্গে ওই আলোচনা অনুষ্ঠানে আরও যোগ দেন স্যার রিচার্ড ব্রানসন ও বিল গেটস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
আলোচনা অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ড. ইউনূস জানান, প্রথাগত ব্যবসা ও মানবসেবার মাঝামাঝি একটি অবস্থা তিনি সৃষ্টি করছেন। সেটি হলো সামাজিক ব্যবসা। এই ব্যবসার উদ্দেশ্য সামাজিক সমস্যার সমাধান করা, ব্যক্তিগতভাবে অর্থ কামানো নয়।