রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার সকালে শ্রেণীকক্ষে তালা লাগিয়ে ক্লাস বর্জন করেছেন। গ্রেডিং-বৈষম্য নিরসনের দাবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, মার্কেটিং ও ব্যবস্থাপনা বিভাগের ২০০৪-০৫ ও ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।বিভাগের শ্রেণীকক্ষ, সভাপতির কক্ষ ও অফিস কক্ষে তালা লাগানোর পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনের সামনে দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট করেন। এ সময় সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ইব্রাহিম ও নাজমুল, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফ ও ইসমাইল এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রনি, পলাশ, সোহেল, আহসান হাবীব প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, সনাতন পদ্ধতিতে গ্রেডিং নম্বরের ব্যাপ্তি ১০। কিন্তু অভিন্ন গ্রেডিং পদ্ধতিতে নম্বরের ব্যাপ্তি ৫। এতে সনাতন গ্রেডিংয়ে শিক্ষার্থীরা যেখানে ৭৫-৭৯ নম্বর পেয়ে জিপিএ ৩ দশমিক ৫ পয়েন্ট পাচ্ছেন, সেখানে সমপরিমাণ নম্বর পেয়েও অভিন্ন গ্রেডিংয়ে পাচ্ছেন ৩ দশমিক ৭৫ পয়েন্ট। ২০০৪-০৫ ও ২০০৫-০৬ শিক্ষাবর্ষের আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তাঁদের পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে সনাতন পদ্ধতি অনুসরণ করা হয়, যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গ্রেডিং পদ্ধতি থেকে আলাদা। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০০৬ সাল থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রবর্তিত অভিন্ন গ্রেডিং পদ্ধতিতে ফল প্রকাশ করা হয়। তাই তাঁদের ক্ষেত্রেও ওই একই পদ্ধতি অনুসরণ করা দরকার। বক্তারা বলেন, ভালো ছাত্র হওয়ার পরও শুধু গ্রেডিং-বৈষম্যের কারণে তাঁদের ফলাফল খারাপ হচ্ছে। এতে চাকরির বাজারেও তাঁরা বৈষম্যের শিকার হচ্ছেন। অবস্থান ধর্মঘটের খবর পেয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন এম শাহ নওয়াজ আলী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। শিক্ষার্থীরা শান্ত হয়ে আন্দোলন প্রত্যাহার করে নেন। অধ্যাপক এম শাহ নওয়াজ আলী সাংবাদিকদের বলেন, ‘অভিন্ন গ্রেডিং পদ্ধতি চালুর প্রক্রিয়া চলছে। এ জন্য প্রশাসন ১২ সদস্যবিশিষ্ট কমিটিও গঠন করেছে। সমস্যা সমাধান করা হবে বলে উপাচার্যও আশ্বাস দিয়েছেন। আশা করি দ্রুত সমাধান হয়ে যাবে।’