ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে দুটি বেসরকারি ব্যাংক ও একটি ট্রাস্ট ফান্ড। গতকাল রোববার অনুষদের আবদুল্লাহ ফারুক মিলনায়তনে এই বৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৩০ লাখ ও ব্র্যাক ব্যাংক ২৪ লাখ টাকার দুটি চেক হস্তান্তর করে। দুটি ব্যাংকের পক্ষ থেকে প্রতি মাসে ৯০ জন শিক্ষার্থীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে।
ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের প্রয়াত শিক্ষক রফিকুল ইসলাম খানের স্মরণে গঠিত আর আই খান ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেফ মো. আলী এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসাইন। রফিকুল ইসলামের মেয়ে হাসিনা শেখও এ সময় উপস্থিত ছিলেন।
উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, সবার মাঝেই অমিত সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়াই সবার উদ্দেশ্য। সব ধরনের হীনম্মন্যতাকে পাশ কাটিয়ে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের সঙ্গে সব বাধা অতিক্রম করে যেতে হবে।