ব্যবসায় শিক্ষার সবাই এক বিষয়ে ফেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে হাজি জিল্লুর রহমান উচ্চবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সবাই ফেল করেছে। ওই শাখার সব শিক্ষার্থী শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে ফেল করায় এ ঘটনা ঘটেছে। এ কারণে ওই শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে।
তবে শিক্ষার্থীরা হাজি জিল্লুর রহমান উচ্চবিদ্যালয়ের নামে পরীক্ষা দিলেও এটি বর্তমানে জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচালিত হচ্ছে।
বিদ্যালয় সূত্র জানায়, এবার বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় ২৬ জন অংশ নেয়। এর মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে অংশ নেওয়া ১৭ জনের কেউ পাস করেনি। তাদের প্রত্যেকের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে ফেল দেখানো হয়েছে। মানবিক শাখার নয়জনের মধ্যে সাতজন পাস করেছে। কেউ জিপিএ-৫ পায়নি। বিদ্যালয়টিতে বিজ্ঞান শাখা চালু নেই। গত বছর পাসের হার ৮২ দশমিক ৬১ থাকলেও এবার কমে ২৬ দশমিক ৯২ শতাংশে দাঁড়িয়েছে।
ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, শারীরিক শিক্ষায় অকৃতকার্য বেশির ভাগ শিক্ষার্থী অধিকাংশ বিষয়ে এ+ পেয়েছে।
ব্যবসায় শিক্ষা শাখার মোবারক হোসেন নয়টি বিষয়ে এ+ ও দুটিতে এ পাওয়ার পরও শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে পাস করতে না পারায় সে ফেল করেছে। মোবারক জানায়, শারীরিক শিক্ষা পরীক্ষাও তার ভালো হয়েছে। তাই পাস করতে না পারার কারণ সে বুঝতে পারছে না।
শাহিন আলম ছয় বিষয়ে এ+ পেলেও পাস করতে পারেনি।
তবে শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়টিতে শারীরিক শিক্ষার শিক্ষক নেই। পদার্থবিজ্ঞানের শিক্ষক ইতি বেগমকে দিয়ে এ বিষয়ে পাঠদান করানো হচ্ছে। এ কারণে নিয়মিত সমাবেশ, শপথ, খেলাধুলা হয় না। ব্যবহারিক পাঠও উন্নত নয়।
গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক ফরিদুল হাছানকে পাওয়া যায়নি। শিক্ষক ইতি বেগমও ছিলেন বিদ্যালয়ের বাইরে। মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁরা ফোন ধরেননি।
সামাজিক বিজ্ঞানের শিক্ষক তাসমিয়া ইসলাম বলেন, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়টি তুলনামূলক সহজ। কঠিন পরীক্ষায় পাস করে সহজটিতে গণহারে ফেল করায় সন্দেহ হচ্ছে। খাতা পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে। তবে তিনি শরীরচর্চার শিক্ষক না থাকার কথা স্বীকার করলেও পাঠে ঘাটতি থাকার কথা অস্বীকার করেছেন।