ব্যবসায় শিক্ষায় শীর্ষে কমার্স কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পাওয়ার ভিত্তিতে শীর্ষে রয়েছে চট্টগ্রামের সরকারি কমার্স কলেজ। এই কলেজ থেকে ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন। গতকাল বুধবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, সরকারি কমার্স কলেজ থেকে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেন ৭৪৫ জন। উত্তীর্ণ হন ৭৪২ জন। বোর্ডের সম্মিলিত ফলাফলে সরকারি কমার্স কলেজের অবস্থান তৃতীয়। বোর্ডে ব্যবসায় শিক্ষায় দ্বিতীয় অবস্থানে আছে হাজী মুহাম্মদ মুহসীন কলেজ। এই কলেজ থেকে তিন বিভাগে মোট ১৪০৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে এক হাজার ৩৩৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ জন। এই কলেজের ব্যবসায় শিক্ষায় ২১৩ জন জিপিএ-৫ পেয়েছেন।এবার ব্যবসায় শিক্ষায় চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন মোট এক হাজার ২৪ জন। সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ আবু জাফর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছর কলেজের ফলাফলে উন্নতি হচ্ছে। গতবারের মতো এবারও আমরা বোর্ডে ব্যবসায় শিক্ষায় প্রথম হয়েছি। কোচিংনির্ভর না হয়ে শ্রেণীকক্ষে পাঠদানকে গুরুত্ব দিয়েছি বেশি। ফলাফল ভালো হওয়ার এটাই ছিল মূল কারণ।’ সরকারি কমার্স কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের কলেজ প্রতিবারই ভালো ফল করে। এবারও সেই ধারা ধরে রাখতে পেরে আমরা আনন্দিত।’