প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, বিগত কয়েক দশকে শিক্ষাক্ষেত্রে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি মানসম্মত শিক্ষার জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। শিক্ষার অর্থ কেবল লিখতে এবং পড়তে জানা নয়। শিক্ষার এখন ব্যাপ্তি ঘটেছে। সাহিত্য, সংস্কৃতির অনুশীলন এবং অঙ্ক ও বিজ্ঞানের সমস্যা সমাধানের পারদর্শিতা ও প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, অর্থবহ মানসম্মত শিক্ষার অপরিহার্য অংশ।কিশোরগঞ্জ হাশমত উদ্দীন উচ্চবিদ্যালয়ের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গতকাল শনিবার প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি পৌর মেয়র মো. মাজহারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম, জেলা ও দায়রা জজ আ ম ম সাঈদ। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিজা বেগম প্রমুখ।মো. মোজাম্মেল হোসেন বলেন, বিগত বছরগুলোতে অর্জিত প্রযুক্তিগত উৎকর্ষ ও সমাজ কাঠামোর ইতিবাচক পরিবর্তন শিক্ষাব্যবস্থাপনায় ও পাঠ্যক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে।প্রধান বিচারপতি আরও বলেন, ‘দেশের মেধাবী শিক্ষার্থীরা সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। আশা করি, ভবিষ্যতে বিশ্বমানের শিক্ষা ও প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ হয়ে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে সফলতার সঙ্গে দায়িত্ব পালনে সমর্থ হবে।’