ব্যবসায়িক দ্বন্দ্ব ও এশার সঙ্গে সম্পর্কের প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়িক দ্বন্দ্ব ও সাবেক স্ত্রী ওয়াশীমা খাতুন ওরফে এশার সঙ্গে সম্পর্কের প্রতিশোধ নিতেই সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা বাকি মির্জাকে হত্যা করা হয়। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া রুহুল আমিন ওরফে বাবু জিজ্ঞাসাবাদে পুলিশকে এ কথা জানিয়েছেন। গতকাল বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও তিনি দোষ স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া ওয়াশীমা খাতুন রুহুল আমিনের সাবেক স্ত্রী। নিহত বাকি মির্জার সঙ্গে ওয়াশীমার সম্পর্ক ছিল বলে রুহুল জানিয়েছেন। ওয়াশীমাও বিষয়টি স্বীকার করেছেন।রুহুল আমিনকে গতকাল দুুপুরে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোশারফ হোসেনের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে হাজির করে পুলিশ। এসপি মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সকালে গাজীপুরের জিরানী বাজার এলাকাসংলগ্ন মাধবপুর গ্রাম থেকে রুহুলকে গ্রেপ্তার করা হয়। নিহত চিকিৎসক বাকি মির্জার ব্যবহূত মুঠোফোনটি তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে রুহুলকে গাজীপুর থেকে সিরাজগঞ্জে আনা হয়।এসপি মোশারফ হোসেন বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে রুহুল চিকিৎসক বাকি মির্জাকে হত্যা ও পরিকল্পনার বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। রুহুল জানিয়েছেন, একটি ওষুধ কোম্পানির স্থানীয় এক কর্মকর্তার সঙ্গে বাকি মির্জার ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। ওয়াশীমা রুহুলের স্ত্রী থাকাবস্থায় ওই ওষুধ কোম্পানির প্রতিনিধি (মেডিকেল রিপ্রেজেনটেটিভ) হিসেবে চাকরি করতেন। ওই চাকরির সুবাদে যাওয়া-আসা করতে করতে ওয়াশীমার সঙ্গে বাকি মির্জার সম্পর্ক গড়ে ওঠে। এ জন্য ওয়াশীমা রুহুলকে তালাক দেন। এতে বাকি মির্জার ওপর রুহুলের ক্ষোভের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের ১৫ দিন আগে রুহুল ও ওষুধ কোম্পানির ওই কর্মকর্তা বাকি মির্জাকে হত্যার পরিকল্পনা করেন। এ জন্য একজন পেশাদার খুনি ভাড়া করা হয়। তবে রুহুল ওই পেশাদার খুনিকে চেনেন না বলে দাবি করেন।রুহুল জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী ১৫ এপ্রিল রাত ১২টার ওই কর্মকর্তা পেশাদার খুনিকে নিয়ে বাকি মির্জার বাসায় যান। ব্যবসায়িক দ্বন্দ্ব থাকলেও বাকি মির্জার সঙ্গে ওই কর্মকর্তার ওঠাবসা ছিল, যে কারণে তিনি যেকোনো সময় বাকি মির্জার সঙ্গে দেখা করতে পারতেন। পূর্ব পরিকল্পনানুযায়ী রাত দুইটার দিকে চিকিৎসকের বাসার ভবনের পেছনের দরজা দিয়ে রুহুল বাকি মির্জার কক্ষে গিয়ে দেখতে পান, তাঁকে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি বিছানায় পড়ে আছেন। আহত বাকি মির্জা বিছানা থেকে ওঠার চেষ্টা করলে রুহুল তাঁকে জাপটে ধরেন। এ সময় পেশাদার খুনি এবং ওই কর্মকর্তা তাঁকে উপর্যুপরি কোপাতে থাকেন। একপর্যায়ে বাকি মির্জা মারা যান। এরপর রাত প্রায় তিনটার দিকে রুহুল নিজের রক্তমাখা গেঞ্জি, জুতা ও প্যান্ট খুলে বাকি মির্জার লুঙ্গি ও একটি শার্ট পরে কক্ষ থেকে বেরিয়ে যান। অন্য দুজনও চলে যান।রুহুল আরও জানান, হত্যাকাণ্ডের পরদিন পুলিশ বাকি মির্জার কক্ষ থেকে যে রক্তমাখা লুঙ্গি ও জুতা উদ্ধার করেছে সেগুলো তাঁর নিজের। হত্যাকাণ্ডের পর তিনি সরাসরি নিজের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ীতে চলে যান। এর পরদিন সকালে তিনি চলে যান গাজীপুরে।সংবাদ সম্মেলনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হারুন ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা মোখলেসুল হকসহ অন্যান্য পুলিশের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, তদন্তের স্বার্থে ওষুধ কোম্পানির ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হচ্ছে না। সংবাদ সম্মেলনের পর বিকেলে রুহুলকে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নীলা কর্মকারের আদালতে হাজির করা হয়। সেখানে রুহুলের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর সন্ধ্যায় তাঁকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।১৬ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরের সরকারি ডরমেটরি থেকে চিকিৎসক বাকি মির্জার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওয়াশীমাকে আটক করা হয়। পরে তাঁকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠানো হয়। ওয়াশীমার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রুহুলকে গ্রেপ্তার করে।