ব্যবসায়িক বৈষম্য দূর করতে পণ্যের লাইসেন্স জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন পণ্যের লাইসেন্সের শর্ত ও প্রক্রিয়া আরও সহজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁরা বলেন, এতে বেসরকারি খাতের উদ্যোক্তারা উৎসাহিত হবেন।

গতকাল শনিবার চেম্বার মিলনায়তনে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এ কথা বলেন।

মতবিনিময় সভায় চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশের অর্থনীতি ও রপ্তানি প্রবৃদ্ধিতে একটি বড় ভূমিকা রাখছেন বেসরকারি উদ্যোক্তারা। কিন্তু পণ্যের লাইসেন্সের ক্ষেত্রে এমন সব শর্ত দেখা যায়, তাতে অনেক ব্যবসায়ীই লাইসেন্স নিতে উৎসাহী হন না।

বিএসটিআইয়ের চট্টগ্রাম অঞ্চলের প্রধান শওকত ওসমান বলেন, কোনো ব্যবসা বা শিল্পপ্রতিষ্ঠানকে অযথা হয়রানি বা মামলা করা বিএসটিআইয়ের উদ্দেশ্য নয়। লাইসেন্স গ্রহণ বা নবায়ন না করার কারণে ব্যবসায়িক বৈষম্য সৃষ্টির পাশাপাশি প্রতিযোগিতার সক্ষমতাও নষ্ট হচ্ছে। তিনি বিএসটিআইয়ের লাইসেন্স এবং সনদ নেওয়ার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিএসটিআইয়ের উপপরিচালক এস এম ইসহাক আলী, পরিচালক মাহফুজুল হক শাহ, এম এ মোতালেব, চিটাগাং ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গৌতম কান্তি চন্দ, জিপিএইচ ইস্পাতের সিএফও কামরুল ইসলাম, বেকারি সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।