অছাত্র, ছেলে-মেয়ের বাবা, চাকরিজীবী, ব্যবসায়ী ও প্রবাসীরা দক্ষিণ জেলা ছাত্রদলের বর্তমান কমিটির নেতৃত্বে আছেন। তাঁদের কেউ কেউ আবার বিএনপিরও সদস্য। ফলে মেয়াদোত্তীর্ণ ছাত্রদলের কমিটি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় সংগঠনের নতুন নেতৃত্বও তৈরি হচ্ছে না।দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মহসিন চৌধুরী, সহসভাপতি ইসমাইল চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ নাছিরসহ অনেকেই বিয়ে করে ছেলে-মেয়ের বাবা হয়েছেন। তাঁরা জড়িয়ে পড়েছেন ব্যবসা-বাণিজ্য ও চাকরিতে। সভাপতি মহসিন চৌধুরী আবার দক্ষিণ জেলা বিএনপির একাংশের যুগ্ম সম্পাদক এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক। বর্তমানে রেজাউল করিম পটিয়া কুসুমপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, আমির হোসেন পটিয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর।অধিকাংশ নেতার ছাত্রত্ব না থাকার কথা স্বীকার করে সভাপতি মহসিন চৌধুরী বলেন, ‘২০০২ সালের কমিটির বেশির ভাগেরই এখন ছাত্র থাকার কথা নয়। আর আমাকে বিএনপির একাংশের কমিটিতে রাখা হলেও পরে তা বাদ দেওয়া হয়।’তবে সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ‘আমি ও মহসিন বিএনপির একাংশের কমিটিতে রয়েছি। তবে তা এখনো কেন্দ্র থেকে অনুমোদন পায়নি।’ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পটিয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বলেন, ‘সম্মেলনের পর কোনো পরিচিতি সভা বা জেলা কমিটির উল্লেখযোগ্য কোনো কর্মকাণ্ড না হওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির চার-পাঁচজন ছাড়া আর কাউকে আমরা চিনি না, বা কারও নাম পর্যন্ত জানি না।’ আমির আরও বলেন, ‘জেলা কমিটির ৯১ সদস্যবিশিষ্ট কমিটির অধিকাংশের কোনো ছাত্রত্ব নেই।’গত বছর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি দুটি কমিটি গঠিত হয়েছে। ফলে জেলা ছাত্রদলের সভাপতি মহসিন চৌধুরী ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে সংগঠনের বৃহত্তর অংশটি জেলা বিএনপির একাংশের সভাপতি আহমদ খলিল খান ও সাবেক সাংসদ গাজী মোহাম্মদ শাহাজাহানের পক্ষে কাজ করছে। অন্যদিকে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, বাঁশখালী উপজেলার বর্তমান সাংসদ ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিটির সঙ্গে জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোহাম্মদ নাছির ও ছাত্রবিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম কাজ করছেন বলে জানা গেছে।