ব্যবসায়ী অপহরণের অভিযোগে কুষ্টিয়ায় ছয়জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় গত শুক্রবার রাতে আফাজ উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় মামলা করেছে ব্যবসায়ীর পরিবার। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে উপজেলার সরূপদহ ও কাটদহ গ্রাম থেকে ছয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে একদল সন্ত্রাসী উপজেলার পোড়াদহ এলাকায় আফাজ উদ্দিনের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে। তারা কর্মচারীদের মাধ্যমে আফাজকে বাড়ি থেকে ডেকে নেয় এবং জরুরি কথা আছে বলে অন্যত্র নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ। পরে পরিবারের সদস্যরা পুলিশকে বিষয়টি জানায়। পরিবারের সদস্যদের ধারণা, আফাজকে কোনো চক্র অপহরণ করেছে। এ ব্যাপারে আফাজ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম মিরপুর থানায় একটি অপহরণ মামলা করেছেন।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, অপহূত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।