ব্যবসায়ী অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মির্জারপুল এলাকা থেকে গতকাল সোমবার ফয়জুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ওয়াসিম, মো. নীরব, মো. ইউনুস, মো. জাহাঙ্গীর, মো. রুবেল ও মো. দলিল মিয়া। তাঁরা মির্জারপুল এলাকার বাসিন্দা ফয়জুল ইসলামকে অপহরণ করে নিয়ে যেতে চেয়েছিলেন বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন। পুলিশ সূত্র জানায়, বাসা থেকে বের হওয়ার পর ছয়-সাতজন যুবক অস্ত্রের মুখে ব্যবসায়ী ফয়জুলকে একটি গাড়িতে ওঠান। এ সময় তাঁর ও গাড়িচালকের চিৎকারে আশপাশের লোকজন এসে অপহরণকারীদের ধরে পুলিশে দেয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, একটি গাড়ি ভাড়া করে ওই ব্যবসায়ীকে ধরে নিয়ে যেতে চেয়েছিলেন ওই যুবকেরা। গাড়িচালক বিষয়টি বুঝতে পেরে চিৎকার-চেঁচামেচি শুরু করে মানুষ জড়ো করেন। পরে পুলিশ গিয়ে তাঁদের আটক করে। গাড়ি থেকে দুটি কিরিচ ও দুটি দা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, ফয়জুলের সঙ্গে আহম্মদ মিয়া নামের এক ব্যবসায়ীর সঙ্গে দ্বন্দ্ব চলছে। গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, আহম্মদ মিয়া ফয়জুলকে অপহরণের জন্য পাঠিয়েছেন। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আহম্মদ মিয়াসহ সাতজনকে আসামি করে মামলা হয়েছে।