ব্যবসায়ী আমান অপহৃত হননি, মাগুরা গিয়েছিলেন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কাপড় ব্যবসায়ী আমান উল্লাহ অপহৃত হননি। তিনি স্ত্রী শাহীনুরের সঙ্গে অভিমান করে মাগুরা চলে গিয়েছিলেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে আটক করলে পুলিশকে তিনি এসব কথা জানান।
গতকাল রাত ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় পুলিশ সুপার খন্দকার মুহিদ উদ্দিন জানান, গত সোমবার ভোরে ব্যবসায়ী আমান চার লাখ টাকা নিয়ে গাজীপুরের উদ্দেশে বাসা থেকে বের হন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডির সূত্র ধরে আমানের সন্ধানে নামে পুলিশ। পরে মুঠোফোন ট্র্যাকিং করে তিনি মাগুরায় অবস্থান করছেন বলে জানতে পারে পুলিশ। পুলিশের একটি দল তাঁকে অনুসরণ করে। তিনি কৌশলে বাসে করে ঢাকা হয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইল চলে এলে তাঁকে আটক করা হয়।