রাজশাহীতে গতকাল সোমবার আইনশৃঙ্খলা কমিটির সভায় ব্যবসায়ী আমিনুল হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা হয়।রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুবোল বোস মনি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সভায় বক্তারা আমিনুল হত্যাকাণ্ডের ঘটনার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে উপপুলিশ কমিশনার (সদর) কামরুল আমিন এ বিষয়ে পুলিশের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন। জানতে চাইলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুবোল বোস মনি বলেন, আমিনুল হত্যাকাণ্ড যেহেতু একটি বড় ঘটনা, সে জন্য বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সবাই একটা কথাই বলেছেন, প্রকৃত খুনিরা যেন ধরা পড়ে। এ জন্য পুলিশকে তৎপর থাকতে অনুরোধ জানানো হয়েছে। নগরের ব্যবসায়ী ও হক ইন্টারন্যাশনাল হোটেলের মালিক আমিনুল হক ১০ এপ্রিল নিখোঁজ হন। ওই দিন রাতেই তাঁকে নগরের আলুপট্টি এলাকার একটি বাড়িতে জবাই করে হত্যা করা হয়। ১২ এপ্রিল দিবাগত রাতে তাঁর লাশ নয় টুকরা করে পলিথিনের ব্যাগে ভরার সময় লাশসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।