ব্যবসাসংক্রান্ত কারণে একটি চক্র পরিকল্পিতভাবে রাজশাহীর ধনাঢ্য ব্যবসায়ী আমিনুল হককে হত্যা করে। কিন্তু তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতাই নেই। বিষয়টি রহস্যজনক। গতকাল শনিবার রাজশাহী নগরের হোটেল নাইসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হোটেল মালিকেরা এ কথা জানিয়ে আমিনুল হত্যার নেপথ্যের ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রাজশাহী আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবির। তিনি বলেন, রাজশাহী শান্তির নগর। এখানকার মানুষ শান্তিপ্রিয়। ব্যবসায়ী আমিনুল হকের হত্যাকাণ্ড রাজশাহীর ইতিহাসে জঘন্যতম একটি ঘটনা। এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন না হলে রাজশাহীর পরিবেশ বিনষ্ট হবে। তাই এ ঘটনা সুষ্ঠু বিচারের স্বার্থে এর নেপথ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে।খন্দকার হাসান বলেন, আমিনুল হত্যাকাণ্ডের ঘটনায় আমরা চিন্তিত, উদ্বিগ্ন, মর্মাহত ও ব্যথিত। লোমহর্ষক এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। আত্মস্বীকৃত খুনি সারোয়ারের স্ত্রী নার্গিসকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তাঁকে গ্রেপ্তার করলে এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন হতে পারে। দুই লোক মিলে আমিনুলকে এভাবে হত্যা করেছে এটা বিশ্বাসযোগ্য নয়। এর পেছনে একটি চক্র আছে বলে আমরা মনে করি। একই সঙ্গে তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচার হওয়া দরকার। সংবাদ সম্মেলনে ছিলেন হোটেল মালিক সমিতির সভাপতি এস এম এহসান, সহসভাপতি এনামুল হক, কোষাধ্যক্ষ মোহাম্মাদ সিদ্দিক প্রমুখ। রাজশাহী নগরের ব্যবসায়ী ও হক ইন্টারন্যাশনাল হোটেলের মালিক আমিনুল হক ১০ এপ্রিল নিখোঁজ হন। তাঁকে হত্যার পর ১২ এপ্রিল দিবাগত রাতে লাশ নয় টুকরো করে পলিথিনের ব্যাগে ভরার সময় পুলিশ প্লাস্টিক ব্যবসায়ী সারোয়ার হোসেন ও তাঁর দোকানের কর্মচারী আবদুল হাকিমকে গ্রেপ্তার করে।