ব্যবসায়ী ইদ্রিসের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলী মহাজনের জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরল আলম মোহাম্মদ এ আদেশ দেন। অন্যদিকে, এক নারী কর্মচারীর দায়ের করা ধর্ষণচেষ্টার মামলায় গতকাল পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে। কুষ্টিয়ার তামাক ব্যবসায়ী মোহাম্মাদ ছফের আলী টাকা আত্মসাৎ ও তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গত বুধবার সকালে ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা করেন। বিকেলে ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা হয়। ওই দিন সন্ধ্যায় ইদ্রিস অ্যান্ড কোম্পানির হিসাব শাখায় কর্মরত রুমি আরা ইয়াসমিন নামের একজন অফিস সহকারী ইদ্রিস আলীসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেন। ইয়াসমিন এজাহারে উল্লেখ করেন, কোম্পানির চারজন পুরুষ কর্মীর বিরুদ্ধে তিনি গত ১৮ ফেব্রুয়ারি যৌন নিপীড়নের অভিযোগ এনে মামলা করেছিলেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। গত ৯ এপ্রিল ইদ্রিস আলী ও কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন পিয়ন আবদুর রহমানকে দিয়ে তাঁকে ইদ্রিস আলীর কক্ষে ডেকে নেন। তাঁরা ওই চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তুলে নিতে তাঁকে চাপ দেন। তিনি তাতে রাজি না হওয়ায় জাহাঙ্গীর হোসেনের সহায়তায় ইদ্রিস আলী তাঁকে সেখানে ধর্ষণের চেষ্টা করেন। তবে তিনি পালিয়ে আসতে সক্ষম হন। ইয়াসমিনের অভিযোগ অস্বীকার করে ইদ্রিস আলী বলেছেন, এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।