ব্যবসায়ী ও কর্মচারী আটকের প্রতিবাদে সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পশ্চিম মাদারবাড়ী এলাকায় পরিত্যক্ত লোহা ও পাইপের এক ব্যবসায়ী ও পাঁচ কর্মচারীকে আটকের প্রতিবাদে গতকাল শনিবার মাদারবাড়ী-শুভপুর সড়ক অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ী ও কর্মচারীরা। পরে পুলিশ তাঁদের ছেড়ে দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
নগরের সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) নাজিম আলম বলেন, পশ্চিম মাদারবাড়ী এলাকায় পরিত্যক্ত লোহা ও পাইপ ব্যবসায়ীরা সড়কের ওপর মালামাল রেখে ব্যবসা করতেন। সড়ক থেকে এসব মালামাল সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার বলা হয়েছে। কিন্তু তাঁরা বিষয়টি গুরুত্ব দেননি। তাই গতকাল সকালে মালামাল রাখায় কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটক হওয়া আল-বারাকা এন্টারপ্রাইজের মালিক সরওয়ার উদ্দিন বলেন, মালামাল লোড-আনলোড করার জন্য অনেক সময় সড়কে গাড়ি রাখতে হয়। এ নিয়ে পুলিশ তাঁদের বিভিন্ন সময় হয়রানি করে।