ব্যবসায়ী ও ঠিকাদারের ভিড়ে চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হচ্ছেন বর্তমান মেয়র মোশতাক আহমেদ, মো. শফিকুল ইসলাম, মাকসুদ আহমেদ বায়েজীদ, আবদুস ছত্তার মৃধা ও নাসির উদ্দিন খান। হলফনামায় উল্লেখ—এই পাঁচজনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে এমবিবিএস পর্যন্ত। তাঁরা নিজেদের মেয়র পদে যোগ্য প্রার্থী হিসেবে দাবি করছেন। আওয়ামী লীগের সমর্থন পেয়ে আনারস প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন শফিকুল ইসলাম। বর্তমানে তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করেন। তিনি সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত আদর্শ ও আধুনিক পরিচ্ছন্ন শহর গড়তে ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। উচ্চমাধ্যমিক পাস মোশতাক আহমেদ একজন ঠিকাদার ও ওষুধ ব্যবসায়ী। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মোশতাক আহমেদ দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে মেয়র পদে পৌরনির্বাচন করছেন। তিনি ১৯৯৯ ও ২০০৪ সালে দুইবার পটুয়াখালী পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়ে চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি জনগণের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পৌরসভাকে আধুনিক ও সবুজ শহরে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়েছেন। পুনরায় নির্বাচিত হলে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন। বিএনপি-সমর্থিত প্রার্থী মাকসুদ আহাম্মেদ তালা প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন। উচ্চমাধ্যমিক পাস মাকসুদ বর্তমানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি পটুয়াখালী পৌরসভার দুইবার নির্বাচিত কমিশনার এবং প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বস্তিবাসীর জন্য স্থায়ীভাবে আবাসনের ব্যবস্থা, স্বাধীনভাবে চলাফেরার জন্য সন্ত্রাস ও মাদকমুক্ত পৌরসভা গড়ার অঙ্গীকার করেন। উচ্চমাধ্যমিক পাস ছত্তার মৃধা ১৯৭৮ সালে জেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেলিভিশন প্রতীক নিয়ে পৌরনির্বাচন করছেন। তিনি অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত, অসাম্প্রদায়িক আধুনিক পৌরসভা গড়তে ভোটারদের সমর্থন চাইছেন। এসএসসি পাস জীবন বীমা করপোরেশনের অবসরপ্রাপ্ত ডেভেলপমেন্ট ম্যানেজার নাসির উদ্দিন খান কাচপিরিচ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌরনির্বাচন করছেন। কমিউনিস্ট পার্টি করতেন একসময়। ২০০৪ সালে তিনি বিএনপিতে যোগ দেন। তিনি পৌর নাগরিকের সুবিধার জন্য পানির বিল ও হোল্ডিং ট্যাক্স কমানো, গরিব মানুষের জন্য চিকিৎসাসেবা, বস্তিবাসীর জন্য স্থায়ী আবাসন, সালিস বোর্ডের মাধ্যমে স্থানীয়ভাবে সমস্যার সমাধান করাসহ মাদক ও সন্ত্রাসমুক্ত পৌর শহর গঠনে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার কথা উল্লেখ করেন।