ব্যবসায়ী ও তরুণ খুন
বরিশাল নগরে রুবেল সিকদার (৪০) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নগরের নতুনবাজার এলাকার ‘হালিমা মহল’ নামের একটি বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। রুবেল ওই বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আল আমিন (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত সাড়ে আটটায় উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মশুরা গ্রাম থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। আল আমিন ফতেরঙ্গপুর ইউনিয়নের শিলঙ্গর গ্রামের সোলেমান খানের ছেলে। সাবেক প্রেমিকার স্বামী তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রুবেল সিকদারের মামা নাসিরউদ্দিন জানান, রুবেলের সঙ্গে শুক্রবার রাতে তাঁর ভাড়া ফ্ল্যাটে ছিলেন তাঁর চাচা মো. লিটু। লিটু বলেন, ‘গভীর রাতে আমাকে দরজা আটকে রাখতে বলে রুবেল বেরিয়ে যান। সকালে জানতে পারি চতুর্থ তলায় তাঁকে হত্যা করা হয়েছে।’
বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঝর্না আক্তার বলেন, এক-দেড় মাস আগে চতুর্থ তলার ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে দুজন নারী এবং একজন পুরুষ বাস করতে থাকেন। গতকাল সকালে তিনি খবর পান, ফ্ল্যাটের দরজা ভাঙা। পরে সেখানে গিয়ে দেখেন ভেতরের দরজাও খোলা এবং কক্ষের ভেতরে খাটের ওপর হাত-পা বাঁধা অবস্থায় একজন পড়ে আছেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আতিকুর রহমান বলেন, এক মাস আগে চতুর্থ তলার এই ভাড়াটে আসেন। তাঁর নামও রুবেল সিকদার। তাঁদের সঙ্গে নিহত রুবেলের পূর্ব সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে। ওই সম্পর্কের জের ধরে রুবেলকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। রুবেলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, স্বর্ণ নিয়ে কোনো লেনদেন অথবা নারীঘটিত কোনো কারণে রুবেলকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিহত আল আমিনের পরিবারের সদস্যরা জানান, একটি মেয়ের সঙ্গে আল আমিনের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির বিয়ে হয়ে যাওয়ার পর তাঁর স্বামী জপসা গ্রামের কিসমত আলী ওরফে সবুজের সঙ্গে আল আমিনের বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। আল আমিনের বন্ধু শাহিন মিয়া বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় ভোজেশ্বর বাজারের কালীমন্দিরের সামনে দাঁড়িয়ে আল আমিনের সঙ্গে কথা বলছিলাম। এ সময় জপসা গ্রামের সবুজ তাঁকে ডেকে নিয়ে যান। পরে তাঁর মৃতদেহ পাওয়া যায়।’
ঘটনার পর থেকে সবুজ পলাতক। এ বিষয়ে তাঁর পরিবারের সদস্যদের কাছে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি। নড়িয়া থানার ওসি আবুল খায়ের ফকির বলেন, এ ঘটনায় আল আমিনের বাবা সবুজকে আসামি করে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।