ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রতিপক্ষ এক কৃষককে ঘুষি মেরে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে এক কলেজছাত্র এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
খুন হওয়া ব্যক্তি হলেন বাঞ্ছারামপুর উপজেলার বাখরনগর গ্রামের কৃষক মোহন মিয়া (৫৫)। নেত্রকোনার দুর্গাপুরে উদ্ধার হওয়া লাশটি ঢাকার শান্তিনগর এলাকার বালু ব্যবসায়ী নুরুল ইসলামের (৩০)। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের মেড্ডা এলাকার গোলাম কিবরিয়ার ছেলে গোলাম আনোয়ার (২৩) ও চাঁদপুর মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া গ্রামের মো. মিলন মিয়ার স্ত্রী সুইটি আক্তারের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বাখরনগর গ্রামের কৃষক মো. শাহজাহান মিয়া তাঁর জমিতে জমে থাকা বৃষ্টির পানি মোহন মিয়ার জমি দিয়ে নামাতে চান। এতে মোহন মিয়া বাধা দিলে শাহজাহান মিয়া তাঁকে কিল-ঘুষি মারেন। এ সময় ঘটনাস্থলেই মোহন মিয়া মারা যান। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বাঞ্ছারামপুর থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মোহন মিয়ার স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে শাহজাহান মিয়া ও তাঁর স্ত্রী রাশিদা বেগমকে আসামি করে ওই রাতেই থানায় একটি হত্যা মামলা করেন। বাঞ্ছারামপুর থানার এসআই মো. মোবারক হোসেন বলেন, ঘটনার পর থেকে শাহজাহান মিয়া পলাতক রয়েছেন।
নেত্রকোনা: গত মঙ্গলবার রাতে ঢাকার বালু ব্যবসায়ী নুরুল ইসলাম দুর্গাপুর পৌরশহরের উৎরাইল বাজারের বিচিত্রা আবাসিক হোটেলে থাকার জন্য আসেন। গতকাল সকাল ১০টার দিকে তিনি নাশতা খেয়ে সঙ্গে একজনকে নিয়ে ২ নম্বর কক্ষে আসেন। এরপর দুপুরে ওই হোটেলের ব্যবস্থাপক এক কর্মচারীকে নিয়ে কক্ষ পরিষ্কার করতে যান। কিন্তু ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দেখেন নুরুলের গলা কাটা লাশ বিছানার ওপর পড়ে আছে। এরপর খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ব্যবস্থাপক সুজন দাসকে আটক করা হয়েছে। দুর্গাপুর থানার ওসি খান হুমায়ুন কবীর বলেন, নুরুল ইসলামের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া: গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের মেড্ডা এলাকা থেকে চাচা হোসাইন মিয়ার মধ্যপাড়ার হামিদ মঞ্জিলে যান গোলাম কিবরিয়া। পরে তিনি ওই বাড়ির তিনতলার ছাদে থাকা একটি কক্ষে ঢোকেন। রাত সাড়ে ১১টার দিকে ওই কক্ষে একটি ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজন ওই কক্ষ খোলার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। গোলাম কিবরিয়ার চাচা হোসাইন মিয়া বলেন, ‘কিবরিয়া কখন বাড়িতে ছাদের কক্ষে গিয়েছে জানি না। রাতে ঝুলন্ত লাশ দেখে আমার দরজা ভেঙে তার লাশ বের করি।’ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মাইনুর রহমানের ভাষ্যমতে, গোলাম কিবরিয়া ঘরের সিলিংয়ের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার গলায় সে রকম জখম দেখা গেছে।
মতলব দক্ষিণ (চাঁদপুর): পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মতলব উত্তর উপজেলায় নিহত সুইটি আক্তার ঠেটালিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। দেড় বছর আগে তাঁর সঙ্গে একই গ্রামের মো. মিলনের বিয়ে হয়। এ বিয়ে মেনে নেয়নি মিলনের পরিবার। গত বৃহস্পতিবার দুপুরে স্বামীর সঙ্গে সুইটির পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। বিকেল পাঁচটায় শ্বশুরবাড়ির লোকজন বাড়িসংলগ্ন পুকুরপাড়ে একটি আমগাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুইটির ঝুলন্ত লাশ দেখতে পান। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। সন্ধ্যায় মতলব উত্তর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য সুইটির লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।