ব্যবসায়ী, কৃষক ও চালকসহ সাত স্থানে আটজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গত পাঁচ দিনে আটজন খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সদরে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঈদের আগের দিন সোমবার কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হন।
ঈদের পরদিন বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন এবং শেরপুরে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামী নিহত হন। মঙ্গলবার নওগাঁ সদরে প্রতিপক্ষের হামলায় একজন প্রাণ হারান। আর রোববার রাতে খুলনার ফুলতলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়। একই সময় পাবনা সদরে এক অটোরিকশাচালক খুন হন।
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে আবদুল কুদ্দুস (৪১) নামের এক মুদি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের ছোট ভাই জয়নাল আবেদীন জানান, গতকাল বেলা ১১টার দিকে আবদুল কুদ্দুস আমঝুপিতে নিজের জমিতে কর্মরত শ্রমিকদের কাজ তদারকি করতে যাচ্ছিলেন। পথে সন্ত্রাসীদের হাতে খুন হন তিনি। সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান বলেন, মামলার প্রস্তুতি চলছে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার কবরবাড়িয়া গ্রামে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুই পক্ষের সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। তাঁরা হলেন গ্রামের শহিদুল ইসলাম (৫৫) ও আবদুল ওহাব (৪৫)। পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় ১৫ বছর ধরে স্থানীয় কোরবান বিশ্বাসের সঙ্গে আমিরুল ইসলাম মালিথার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন কোরবান বিশ্বাসের পক্ষের লোক চাঁদু মণ্ডলের বাড়িতে আমিরুলের লোকজনের ওপর হামলা চালান। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুজনের প্রাণহানি ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চর ছয়ানী গ্রামে বুধবার সকাল ১০টার দিকে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. মাইনুদ্দিন (৫০) ওরফে হানজালা নামের একজন নিহত হন। একই দিন সকালে শেরপুরের ঝিনাইগাতীর রামেরকুড়া গরুহাটি এলাকায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামী সৈয়দুর রহমান ওরফে ফজু (৬০) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নওগাঁ সদরের ফারাতপুর গ্রামের সেলিম মিয়া (৫০) নামের এক কৃষক প্রতিপক্ষের হামলায় আহত হয়ে মঙ্গলবার মারা গেছেন। পরিবারের অভিযোগ, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার দুপুরে প্রতিপক্ষের হামলায় সেলিম মিয়া গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার মারা যান তিনি।
খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান তৈয়েবুর রহমান আকুঞ্জিকে (৫৫) গুলি করে হত্যা করা হয়েছে। রোববার রাত সোয়া ১১টায় পিপরাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাহাঙ্গীর সরদার, আরিফ মোল্যা ও সাকিল সরদার নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাবনা সদর উপজেলার লক্ষ্মীপুর শ্মশান এলাকায় সাইদুল ইসলাম (২৮) নামের এক অটোরিকশাচালককে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, রোববার রাত ১০টার দিকে সাইদুল আতাইকুলা থেকে কয়েকজন যাত্রী নিয়ে ভাঙ্গুড়ায় গিয়েছিলেন। ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে।
চারজনের লাশ উদ্ধার: রাজশাহীর বাগমারায় নিখোঁজ হওয়ার চার দিন পর গতকাল এনামুল হক (৪২) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নওগাঁ শহরের আরজি-নওগাঁ মহল্লার একটি ডোবা থেকে মঙ্গলবার আবু সাইদ (৩৫) নামের এক কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহের শৈলকুপার ধাওড়া পাইকপাড়া গ্রাম থেকে সোমবার সকালে রানা (২২) নামের এক মাইক্রোবাসচালকের লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন সকালে বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নের একটি খাল থেকে নিখোঁজ হওয়ার এক দিন পর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ গাজীর (৬৫) লাশ উদ্ধার করে পুলিশ।
(প্রতিবেদন তৈরিতে সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা সহায়তা করেছেন)