ব্যবসায়ী খালেদের মৃত্যু এখনো রহস্যময়
ব্যবসায়ী হাসান খালেদের মৃত্যু এখনো রহস্যময়। তিনি আত্মহত্যা করেছেন, নাকি অপহরণের পর কেউ তাঁকে হত্যা করেছে—সে সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
গত ২৩ জুলাই সকালে ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসান খালেদ নিখোঁজ হন। পরিবারের দাবি, ওই দিন সকালে হাসান খালেদ ওষুধ কিনতে ধানমন্ডির ৪/এ নম্বর সড়কের ভাড়া বাসা থেকে বের হয়েছিলেন। এরপর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ওই দিন রাতে হাসান খালেদের সন্ধান পাওয়া যাচ্ছে না জানিয়ে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ২৬ জুলাই কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ থানার মাঝামাঝি খোলামোড়া ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে হাসান খালেদের লাশ পাওয়া যায়।
এরপর ২ আগস্ট রাতে ধানমন্ডি থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা করেন হাসান খালেদের ভাই মুরাদ হাসান। গতকাল মঙ্গলবার মুরাদ হাসান প্রথম আলোকে বলেন, গতকালও পুলিশের সঙ্গে তাঁর কথা হয়েছে। কীভাবে হাসান খালেদের মৃত্যু হয়েছে, সে সম্পর্কে তারা কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি। তিনি বলেন, হাসান খালেদের ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
পরিবারের দাবি, হাসান খালেদ নিখোঁজ হওয়ার সময় তাঁর সঙ্গে দুটি মুঠোফোন ছিল। ধানমন্ডি থানার পুলিশ জানিয়েছে, বাসা থেকে বের হওয়ার পরপরই সকাল ৮টা ৩৩ মিনিটে বাসার সামনেই হাসান খালেদের মুঠোফোন দুটি বন্ধ হয়ে যায়। এরপর তিনি কোথায় গেছেন, তা আর শনাক্ত করা যায়নি। পুলিশ হাসান খালেদের মুঠোফোনের কললিস্ট পরীক্ষা করেও সন্দেহজনক কোনো তথ্য পায়নি।