ব্যবসায়ী গুলিবিদ্ধ হামলাকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ওয়ারী থানার জোড়াপুল লেনে গত বৃহস্পতিবার রাতে আবদুল আজিজ (৫০) নামের এক ব্যবসায়ী গুলিতে আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে গুলিভর্তি পিস্তলসহ আদিল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, জোড়াপুল লেনে বিসমিল্লাহ ওয়ার্কশপ নামে একটি লেদ কারখানা আছে আজিজের। রাত ১১টার দিকে কারখানা বন্ধ করে বাসায় ফেরার পথে তাঁকে গুলি করে পালিয়ে যান আদিল আহমেদ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পেটে গুলিবিদ্ধ অবস্থায় আজিজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ওয়ারী থানা-পুলিশ।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেহাদ হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে আজিজকে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করে পালিয়ে যান আদিল। পরে কমলাপুরে অভিযান চালিয়ে গুলিভর্তি পিস্তলসহ আদিলকে গ্রেপ্তার করে পুলিশ। আজিজের ছেলে বাদী হয়ে এ ঘটনায় আদিলের বিরুদ্ধে মামলা করেছেন।