ব্যবসায়ী তিন মাস ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রাজফুলবাড়িয়ার শোভাপুর গ্রামের বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ী মোজাম্মেল হক তিন মাস ধরে নিখোঁজ। গত বছরের ২৯ সেপ্টেম্বর বাসা থেকে বের হয়ে ঢাকায় আসার পর তিনি আর ফিরে যাননি।মোজাম্মেলের স্ত্রী আছমা হোসেন প্রথম আলোকে বলেন, মোজাম্মেল বাসায় বিভিন্ন মসলা প্যাকেটজাত করে ঢাকা জেলা ও ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। গত বছরের ২৯ সেপ্টেম্বর সকাল নয়টার দিকে ব্যাগে করে মালামাল নিয়ে বাসা থেকে বের হন তিনি। সাধারণত সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসেন। কিন্তু ওই দিন না আসায় তিনি (আছমা) রাত নয়টার দিকে তাঁর মুঠোফোনে যোগাযোগ করেন। মোজাম্মেল তখন জানান, তিনি গেন্ডারিয়ার নারিন্দায় বড় ভাই আনোয়ারের বাসায় আছেন এবং পরদিন সকালে বাড়ি ফিরবেন।আছমা বলেন, পরদিন সকালে আবারও তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। এর পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর তিনি সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ডায়েরিতে নিখোঁজের ঘটনায় মোজাম্মেলের বড় ভাই আনোয়ার হোসেনের হাত আছে বলে উল্লেখ করেন তিনি।যোগাযোগ করা হলে সাভার থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, বাংলাদেশের প্রতিটি থানায় এ ব্যাপারে বার্তা পাঠানো হয়েছে, কিন্তু মোজাম্মেলের খোঁজ মেলেনি। এ ব্যাপারে চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি। তবে তিনি আনোয়ারের সঙ্গে যোগাযোগ না করার কথা স্বীকার করেন।যোগাযোগ করা হলে আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ওই দিন ব্যবসার জন্য কিছু টাকা নিতে মোজাম্মেল তাঁর বাসায় গিয়েছিলেন। তবে তিনি টাকা দিতে পারেননি। এরপর দুই দিন থেকে সাভারে ফিরে যাওয়ার কথা বলে তাঁর বাসা থেকে বের হন মোজাম্মেল। তিনি নিজেও বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় তাঁর ভাইয়ের খোঁজ করেছেন বলে দাবি করেন।