ব্যবসায়ী, দুই ছাত্রসহ চারজন খুন
কুষ্টিয়া সদর উপজেলায় গত সোমবার রাতে রাকিবুল ইসলাম নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই রাতে মাগুরা সদর উপজেলায় ব্যবসায়ী কামরুল ইসলামকে গলা কেটে এবং খুলনার দীঘলিয়া উপজেলায় মো. কেসমত নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মাদারীপুরের শিবচরে প্রতিপক্ষের পিটুনিতে আহত এক মাদ্রাসাছাত্র গতকাল মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল শিবচরের কাওড়াকান্দি ঘাট এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়া: সদর উপজেলার বের বাড়াদি গ্রামের রিয়াজুল হকের ছেলে রাকিবুল ইসলামকে (১৫) সোমবার রাতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গতকাল সকাল ১০টার দিকে শিবপুর গ্রামের একটি গোরস্থান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা রাকিবুলকে রাতের কোনো একসময় হত্যা করেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করা হবে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।
মাগুরা: সদর উপজেলার গোপাল গ্রামের ব্যবসায়ী কামরুল ইসলাম মুন্সী (৩৫) সোমবার রাত আটটার দিকে একটি মোটরসাইকেলে মাগুরা শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে বালিয়াডাঙ্গা বড় মান্দারতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতি রোধ করে তাঁকে গলা কেটে হত্যা করে।
মাগুরা সদর থানার ওসি এম এ হাসেম বলেন, এই খুনের ঘটনায় গতকাল মঙ্গলবার ভোরে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মাগুরা সদর উপজেলার ধলহরা গ্রামের মোবারক মোল্লার ছেলে ওহিদুল মোল্লা (৪০) ও বারইখালী গ্রামের নিজামের ছেলে মো. হাসান (২২)।
ওসি বলেন, গ্রেপ্তার হওয়া ওহিদুল, হাসানসহ সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে মাগুরা-নড়াইল সড়কে ডাকাতি করে আসছে। এঁদের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির অভিযোগে থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
খুলনা: সোমবার রাত নয়টার দিকে খুলনার দীঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বারাকপুর গ্রামের মো. কেসমতকে (৫০) বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
দীঘলিয়া থানার ওসি রবিউল হোসেন বলেন, ‘আমি যেটুকু জেনেছি, চৌকিদার মকবুল ও দুই পুলিশ সদস্য কেসমতকে নাকি ধরে থানায় আসছিলেন। এর মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন একটি হাসপাতালে নিলে তিনি মারা যান। তবে এটাকে মার্ডার বলা যায় না। তিনি কীভাবে মারা গেলেন, তা তদন্ত করে দেখা হবে।’
শিবচর (মাদারীপুর): গত রোববার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশের পর উপজেলার সন্ন্যাসীরচরে রাজারচর আল-জামিয়াতুল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র হাসান মোল্লা (১৩) সহপাঠীদের সঙ্গে মাদ্রাসার পাশেই আড্ডা দিচ্ছিল। এ সময় এলাকার করম ব্যাপারী ছাত্রদের চোখে টর্চ মারেন। এ ঘটনা নিয়ে ছাত্রদের সঙ্গে করমের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার সন্ধ্যায় হাসান ও তার বন্ধুদের ওপর করম ও তাঁর সমর্থকেরা হামলা চালান। এতে গুরুতর আহত হলে হাসানকে ঢাকায় পাঠানো হয়। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। হাসান রাজারচরের আজগর হাওলাদারকান্দির নুরু ব্যাপারীর ছেলে।
এদিকে গতকাল দুপুরে পদ্মা নদীর কাওড়াকান্দি ৩ নম্বর ফেরিঘাট এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।