ব্যবসায়ী নিখোঁজ, ওসিকে দায়ী করেছে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার তালতলী বাজারের ইলেকট্রনিকসামগ্রীর ব্যবসায়ী গুলজার হোসেনকে (৩২) গত ৫ নভেম্বর র‌্যাব পরিচয়ে একদল লোক তুলে নিয়ে যান। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের দাবি, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান সব জানেন।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, গুলজারকে তুলে নেওয়ার সময় ঘটনাস্থলের ১০০ গজের মধ্যে র‌্যাবের পোশাক পরা একটি দল গাড়ি নিয়ে টহল দিচ্ছিল। এ ঘটনায় তাঁর বাবা বুরুজ মিয়া আদালতে অপহরণের মামলা করেছেন। রোজার ঈদের আগে পুলিশ একবার গুলজারকে ডাকাতির দুটি মামলায় গ্রেপ্তার করেছিল। তবে ১৩ দিন কারাভোগের পর তিনি জামিনে ছাড়া পান।পারিবারিক সূত্রে জানা গেছে, এক ভাই ও চার বোনের মধ্যে গুলজার সবার বড়। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ব্যবসার পাশাপাশি তিনি কৃষিকাজ করেন।পরিবারের দাবি, গুলজার ছাড়া পাওয়ার ১৫ দিন পর পলাশ থানার ওসি আতিক তাঁকে আবার ডাকাতি মামলায় গ্রেপ্তারের হুমকি দেন। পরে দাবি অনুযায়ী, থানার ওসি (তদন্ত) বদরুল ইসলামকে ১২ হাজার টাকা দেয় তারা। কিন্তু ৫ নভেম্বর সাদাপোশাকের একদল লোক র‌্যাব পরিচয়ে তালতলী বাজারের নিজের দোকান থেকে গুলজারকে তুলে নিয়ে যান।ছেলে নিখোঁজ হওয়ার শোকে বাকরুদ্ধ বাবা বুরুজ মিয়া ও মা গুলনাহার বেগম। গুলনাহার অভিযোগ করেন, ‘র‌্যাব আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। ওসি আতিক সব জানেন।’প্রত্যক্ষদর্শী তালতলী বাজারের ব্যবসায়ী কিরণ মিয়া বলেন, ‘ওই দিন একজন লোক আমাকে ফোন করে র‌্যাবের পরিচয় দিয়ে স্থানীয় ইছাখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনে আসতে বলেন। আমি গিয়ে দেখি, সেতুর ওই পাশে একটি টহল গাড়িসহ র‌্যাবের পোশাক পরা কিছু লোক। মাদ্রাসার সামনে তিনটি ব্যক্তিগত গাড়ি নিয়ে কিছু লোক দাঁড়িয়ে রয়েছেন। তাঁরা আমাকে একটি গাড়িতে তোলেন। তাঁরা আমাকে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদে প্রতিদ্বন্দ্বী ইছাখালীর বুরুজ মিয়ার বাড়িতে নিয়ে যেতে বলেন। তাঁরা শুধু কথা বলবে বলে জানান। আমরা গেলেও ওই সময় বুরুজ মিয়া বাড়ি ছিলেন না।’কিরণ বলেন, ‘পরে তাঁরা বাজারে এক বৃদ্ধের কাছে বুরুজ সম্পর্কে জানতে চান। ওই বৃদ্ধ আমাদের বাড়ির পাশের আরেক বুরুজের কথা বলেন। তাঁরা বুরুজের ছেলের নাম জানতে চাইলে আমি বলি গুলজার। নাম শুনে তাঁরা আমাকে বলেন, ওঁকেই আমরা খুঁজছি। এ কথা বলে একটি কাগজে নাম মিলিয়ে নেন। পরে আমাকে নিয়ে গুলজারের বাড়িতে যান। বাড়ির সামনে গুলজারের বোন ছিলেন। তিনি জানান, গুলজার দোকানে। আমরা বাজারে ঢুকতেই দেখি, গুলজার দোকানের সামনে কাজ করছেন। পরক্ষণেই একটি সাদা মাইক্রোবাস এসে তাঁকে তুলে নিয়ে যায়।’গত রোববার গুলজারের বাড়িতে গিয়ে দেখা গেছে, গুলজারের বাবা বুরুজ শয্যাশায়ী। মা গুলনাহার ছেলের শোকে কেঁদে বুক ভাসাচ্ছেন।গুলজারের চাচাতো ভাই জামাল হোসেন প্রথম আলোকে জানান, আগে গুলজারের মেজ বোনের স্বামী রিয়াদ মিয়ার ভুল তথ্যের ভিত্তিতে ওসি তাঁকে ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছিলেন। গুলজারের বোন নাসিমা বেগম বলেন, ‘ওসি আমাদের জানিয়েছেন, তাঁকে বলেই গুলজারকে ধরতে গেছে র‌্যাব।’তবে ওসি আতিকুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। গুলজারকে উদ্ধারের চেষ্টা চলছে।’ ওসি (তদন্ত) বদরুল নিখোঁজ হওয়া ব্যক্তির পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।র‌্যাবের নরসিংদী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর গোলাম সারোয়ার বলেন, ‘র‌্যাব পরিচয়ে কেউ এমনটি করে থাকলে তা আমাদের জানা নেই। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’স্থানীয় সাংসদ আনোয়ারুল আশরাফ খান বলেন, ‘আমি থানার ওসিকে জিজ্ঞেস করেছিলাম। তিনি আমাকে বলেছেন, পুলিশ নয়, র‌্যাব গুলজারকে গ্রেপ্তার করেছে। পরে আমি নরসিংদী র‌্যাবের সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি অস্বীকার করে। পরে আমি জেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন করলে বিষয়টি যে যার মতো এড়িয়ে যায়।’