ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষে পুলিশসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সদরের মাহীগঞ্জ সাতমাথা এলাকায় শনিবার সন্ধ্যার পর ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করা হয়েছে।

পুলিশ, ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জহুরুল হক নামের রংপুর কারমাইকেল কলেজের দর্শন বিভাগের এক শিক্ষার্থী আজ শনিবার সকাল ১০টার দিকে কলেজের বাইরে থেকে অপহৃত হয়। জহুরুলের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়। এ ঘটনায় জহুরুলের বাবা তোজাম্মেল হোসেন রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর মধ্যে অপহরণকারীরা মুঠোফোনে অপহৃতের পরিবারের কাছে ৩০ হাজার টাকা দাবি করে। জহুরুলের বাবা হাতীবান্ধা থেকে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা পাঠান এবং এ বিষয়ে পুলিশকে অবহিত করেন। এর পর সাতমাথা এলাকায় ওত পেতে থাকা সাদা পোশাকের পুলিশ টাকা তুলতে আসা এক অপহরণকারীকে আটকের চেষ্টা করে। এ সময় ওই দোকানের লোকজনের সঙ্গে সাদা পোশাকের পুলিশের হাতাহাতি হয়। একপর্যায়ে সেখানে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে সহকারী পুলিশ সুপার আতাউর রহমানসহ ১০ ব্যক্তি আহত হন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে ওই টেলিকম দোকানের মালিক শামীম মিয়াসহ নয়জনকে আটক করা হয়েছে।