ব্যবসায়ী বনাম শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়াই হবে স্বশিক্ষিত ও শিক্ষিত প্রার্থীর মধ্যে। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান ও বিএনপির শামছুল হক। হলফনামায় মোস্তাফিজুর রহমান নিজেকে স্বশিক্ষিত ও পেশা ব্যবসা উল্লেখ করেছেন। আর শামছুল হকের দাখিল করা হলফনামায় তিনি এমএসসি পাস ও পেশা উল্লেখ করেছেন শিক্ষকতা।
এই পৌরসভায় মেয়র পদে আরও পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু মূল লড়াই নৌকা ও ধানের শীষের মধ্যে হবে বলে ভোটাররা মনে করছেন।
জয়পুরহাটে আওয়ামী লীগ ও বিএনপি এই নির্বাচনকে মর্যাদার লড়াই হিসেবে নিয়েছে। এই দুই দলে কোনো বিদ্রোহী প্রার্থী নেই। তবে সরকারের জোটে থাকা জাতীয় পার্টির আ স ম মোক্তাদির তিতাস ও জাতীয় সমাজতান্ত্রিক দলের আমেজ উদ্দীন মেয়র পদে নির্বাচন করছেন।
বিএনপির মিত্র জামায়াত এই পৌরসভায় মেয়র পদে হাসিবুল আলমকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে; যা বিএনপির জন্য ক্ষতির কারণ হবে—এমন আশঙ্কা করছেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।
জয়পুরহাট শহর জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী হাসিবুল আলমের নির্বাচনী এজেন্ট আবদুল মোমিন ফকির জানান, তাঁদের প্রার্থীর বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি পলাতক রয়েছেন। তবে তাঁরা শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন।
মেয়র পদে জয়পুরহাট জেলা সিপিবির সাধারণ সম্পাদক দেওয়ান বদিউজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী খন্দকার সাজ্জাদ আহমেদ নির্বাচন করছেন। জয়পুরহাট পৌর এলাকার বিশ্বাসপাড়ার চা বিক্রেতা মিজানুর রহমান ও পূর্ব সরদারপাড়ার ভোটার বাদশা মিয়া বলেন, প্রার্থী যতই থাক, নৌকা আর ধানের শীষ মার্কার মধ্যে লড়াই হবে।
আওয়ামী লীগের জেলা কমিটির সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব গোলাম হক্কানী জানান, শরিক দলের অপর দুই প্রার্থী মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগদলীয় প্রার্থীর ওপর ভোটের কোনো প্রভাব পড়বে না। তাঁদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন।
জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী দাবি করেন, গত পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপির প্রার্থীর পরাজয়ের কারণ হলেও এবার তা হবে না। গত জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, এবার মানুষ ধানের শীষে ভোট দেবে।