অর্থ পাচার মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের স্থায়ী জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেন। পাশাপাশি ওই সময়ের মধ্যে সরকারপক্ষকে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে।এর আগে ২৮ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মামুনের স্থায়ী জামিন মঞ্জুর করে রায় দেন। সর্বশেষ ওই মামলায় জামিন পাওয়ার ফলে মামুনের কারামুক্তির সম্ভাবনা তৈরি হয়। কিন্তু গতকাল তা স্থগিত হওয়ায় তাঁর কারামুক্তি মিলছে না বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।আদালতে মামুনের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী রফিক-উল হক। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁকে সহয়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক ও খন্দকার দিলিরুজ্জামান।একরামুল হক প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করা হবে।প্রসঙ্গত, ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা বিদেশে পাচারের অভিযোগে গত বছরের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন বাদী হয়ে তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ক্যান্টনমেন্ট থানায় ওই মামলা করে। মামুনের বিরুদ্ধে দায়ের করা মোট ২০টি মামলায় ইতিমধ্যে তিনি জামিন পেয়েছেন। এর আগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়।