ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার গরীবেরচর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাজারের ব্যবসায়ীদের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। ব্যবসায়ীদের হামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহত হয়েছেন।গতকাল রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গোসাইরহাট-চাঁদপুর সড়ক দুই ঘণ্টা অবরোধ ও পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেছে।গোসাইরহাট থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের অনুষ্ঠানে মাইক ভাড়া করার জন্য শিক্ষার্থীরা গত বুধবার গরীবেরচর বাজারে গেলে মাইকব্যবসায়ী ভাড়া দিতে অপারগতা জানান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন পাশের ভেদরগঞ্জ বাজার থেকে মাইক ভাড়া করে আনার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রোববার সকালে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করার প্রস্তুতি নেয়। এ সময় কিছু শিক্ষার্থী গরীবেরচর বাজারের ওই মাইক ব্যবসায়ীর দোকানে ভাঙচুর করে।ভাঙচুরের প্রতিবাদে বাজারের ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে গরীবেরচর উচ্চবিদ্যালয়ে হামলা চালান। উভয় পক্ষকে শান্ত করার জন্য প্রধান শিক্ষক আবদুল মালেক এগিয়ে গেলে ব্যবসায়ীরা তাঁর ওপর হামলা চালান। তাঁকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে ২০ শিক্ষার্থী ও পাঁচজন ব্যবসায়ী আহত হন। সংঘর্ষ চলাকালীন শিক্ষার্থীরা বাজারের আরও চারটি দোকানে ভাঙচুর করে।এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চাঁদপুর-গোসাইরহাট সড়ক অবরোধ করে রাখে। গরীবেরচর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আফরোজা, দাদন বেপারী, বেলাল ও সজীব বলে, ‘আমাদের বিদ্যালয়ের শিক্ষক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করার প্রস্তুতি নিয়েছিলাম। এ সময় বাজারের ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের প্রধান শিক্ষক মারাত্মক আহত হয়েছেন। ব্যবসায়ীদের লাঠি ও ইটের আঘাতে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে।’ গরীবেরচর বাজারের ব্যবসায়ী ইমরান হাসান বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বাজারের ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। তারা পাঁচটি দোকান ভাঙচুর করেছে। ব্যবসায়ীরা শুধু এর প্রতিবাদ করেছেন।গোসাইরহাট থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দোষীদের শাস্তির প্রতিশ্রুতি দেওয়ার পরে উত্তেজিত শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে।