ব্যবসায়ী সাব্বির আলম হত্যার বিচার আট বছরেও হয়নি
নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রতিষ্ঠাকালীন পরিচালক ও সাবেক সহ-সভাপতি সাব্বির আলম খন্দকার হত্যাকাণ্ডের বিচার আট বছরেও হয়নি। নিহত ব্যবসায়ী নেতার পরিবারের অভিযোগ, মামলাটির সুষ্ঠু তদন্তের ব্যাপারে তদন্ত সংস্থা সিআইডির গাফিলতি রয়েছে। মামলার প্রধান আসামি বিএনপিদলীয় সাবেক সাংসদ গিয়াসউদ্দিন ও তাঁর সহযোগীদের অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে তদন্তকারী কর্মকর্তা গোঁজামিলের অভিযোগপত্র দাখিল করেছেন। নিহত সাব্বির আলম বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সহ-সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকারের ছোট ভাই।সূত্রমতে, ২০০৩ সালের গোড়ার দিকে একটি অনুষ্ঠানে প্রশাসনের লোকজনের উপস্থিতিতে সাব্বির আলম সন্ত্রাসীদের বিরুদ্ধে বক্তব্য দেন। এর কয়েক দিন পর ১৮ ফেব্রুয়ারি ভোরে শহরের মাসদাইরে নিজ বাড়ির সামনের সড়কে খুন হন সাব্বির আলম খন্দকার।সাব্বির আলম হত্যাকাণ্ডের পর তাঁর বড় ভাই জেলা বিএনপির তৎ কালীন সাধারণ সম্পাদক তৈমুর আলম খন্দকার বাদী হয়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপিদলীয় তৎ কালীন সাংসদ গিয়াসউদ্দিন, তাঁর শ্যালক জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান, তাঁর ভাই জিকু খান ও মামুন খান, শাহীন ওরফে বন্দুক শাহীন, রায়হান, মনির, এরশাদ, মনিরুল ইসলাম সজল, অহিদুল ইসলাম ওরফে ছক্কু, সাঈদুর রহমান, সাঈদ হোসেন ওরফে রিপন, রিয়াজুল ইসলাম, হালিম, টুক্কু মিয়া, কাওসার, মামুন, নাদিম হোসেন, মঙ্গল ওরফে লিটন, মোক্তার হোসেন, মনিরুজ্জামান শাহীন, নাজির ও আ. আজিজকে আসামি করে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন। মামলার পর থেকে নয়জন তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়। দশম তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি মসিহউদ্দিন দীর্ঘ প্রায় ৩৪ মাস তদন্ত শেষে ২০০৬ সালের ৮ জানুয়ারি ছাত্রদলের সাবেক জেলা সভাপতি জাকির খান, তাঁর দুই ভাই জিকু খান, মামুন খানসহ মোট আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় গিয়াসউদ্দিন, তাঁর শ্যালক জুয়েল ও শাহীনকে। বর্তমানে মামলাটি নারায়ণগঞ্জের বিচারিক হাকিমের আদালতে বিচারাধীন। প্রধান আসামি গিয়াসউদ্দিনকে মামলা থেকে বাদ দেওয়ায় বাদী তৈমুর আলম খন্দকার সিআইডির দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে ওই বছরের ২৪ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করেন। নারাজি আবেদনের ওপর বাদীর সাক্ষী এখনো অব্যাহত রয়েছে। এ ব্যাপারে তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমার দেওয়া অভিযোগ অনুযায়ী এফআইআর পূরণ হয়নি এবং বারবার লিখিত আবেদন করার পরও মামলার তদন্ত সংস্থা সিআইডি সঠিকভাবে তদন্ত করেনি।’ তিনি অভিযোগ করেন, মামলার তদন্ত করতে গিয়ে বিশেষ মহল দ্বারা প্রভাবিত হয় তদন্ত সংস্থা।