ব্যবসায়ী-হকার সংঘর্ষ রিয়াজউদ্দিন বাজারে আগুন, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নতুন রেলস্টেশন-সংলগ্ন রিয়াজউদ্দিন বাজার ও নিউমার্কেট এলাকায় গতকাল বুধবার রাতে ব্যবসায়ী ও হকারদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এ সময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া, দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছে। পুলিশ সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুই পক্ষের মধ্যে প্রথম দফা সংঘর্ষ শুরু হয়। স্টেশন রোডের পাশে রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন গলি-উপগলির মুখে বসা ভাসমান হকারদের সওদাপাতির কয়েকটি দোকান তুলে দিতে যান বাজার ব্যবসায়ী সমিতির নেতারা। কিন্তু হকাররা কোনো অবস্থায় দোকান তুলে নিতে রাজি হচ্ছিলেন না। এ নিয়ে প্রথমে হাতাহাতি ও পরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে ভাসমান হকাররা সংঘবদ্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় রাস্তার পাশের কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষ শুরু হলে ওই এলাকার শতাধিক দোকানপাট বন্ধ হয়ে যায়। ওই সড়ক দিয়ে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। পুলিশ ও র্যাবের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় এক ঘণ্টা পরিস্থিতি মোটামুটি শান্ত ছিল।আতিকুর রহমান ওরফে মাসুম নামের একজন হকার দাবি করেন, প্রথম দফা সংঘর্ষে অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন। কয়েকজনের মাথা ফেটে গেছে। তাঁদের বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে। জানা গেছে, আবার রাত নয়টার পর বিভিন্ন ধরনের গুজবকে কেন্দ্র করে ব্যবসায়ীরা উত্তেজিত ও মারমুখী হয়ে ওঠেন। তাঁরা রাস্তার পাশে হকারদের কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেন। এ সময় হকাররা দল বেঁধে ব্যবসায়ীদের দিকে এগিয়ে এলে পুলিশ টিয়ার শেল ছুড়ে তাঁদের স্টেশন রোডের দিকে হটিয়ে দেয়। এ অবস্থায় ব্যবসায়ীরা রিয়াজউদ্দিন বাজারের গলিতে এবং হকাররা মূল সড়কে অবস্থান নিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে নয়টা) সেখানে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে।ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সমঝোতা করার চেষ্টা চলছে।’ হকারদের দাবি, তাঁরা আগেও রিয়াজউদ্দিন বাজার-সংলগ্ন গলির মুখে ফলমূল ইত্যাদির ব্যবসা করতে ভাসমান দোকান বসাতেন। এতে কাউকে কোনো টাকা দিতে হতো না। কিন্তু বুধবার (আজ) থেকে প্রতিটি দোকানের জন্য ব্যবসায়ীরা টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাঁরা দোকান তুলে দিতে জোরজবরদস্তি শুরু করেন। তবে রিয়াজউদ্দিন বাজারের একাধিক ব্যবসায়ী জানান, ‘গলির মুখে এ ধরনের হকার বসায় এলাকায় যেমন যানজট সৃষ্টি হচ্ছে, তেমনি গলির ভেতরে আসা-যাওয়ায় পথ বন্ধ হচ্ছে। এই কারণে আমরা এসব দোকান তুলে দিতে চাই।’