ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
চট্টগ্রামে মো. আবছার উদ্দিন নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা হলেন জাকির হোসেন, আমির হোসেন ও সাইফুল ইসলাম।
আজ সোমবার বিকেলে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এই রায় দেন। আদালত একই সঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে সাইফুল পলাতক। বাকি দুজন কারাগারে রয়েছেন।
সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ১৯৯৯ সালের ২২ অক্টোবর রাত ১০ দিকে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ সিঙ্গাপুর মার্কেটের ফুল ব্যবসায়ী আবছার উদ্দিন হেঁটে বাসায় ফিরছিলেন। তার বাসা থেকে মার্কেটের দূরত্ব আধা কিলোমিটার। আবছার আগ্রাবাদ শেখ মুজিব রোডের কেরানি পুকুরপাড় পৌঁছালে তাঁকে ছয় থেকে সাতজন লোক ঘিরে ধরে। এ সময় আসামি আমির হোসেন আবছারকে গুলি করে তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সরকারি কৌঁসুলি আরও বলেন, এই ঘটনায় নিহতের বড়ভাই মো. হানিফ বাদী হয়ে ডবলমুরিং থানায় আমিরসহ সাতজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০০০ সালের ১ মে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। আসামিরা এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের নামে থানায় মামলাও রয়েছে। মাদক ব্যবসার প্রতিবাদ করায় আসামিরা ক্ষুব্ধ হয়ে আবছারকে খুন করে বলে তদন্তে উঠে আসে।
ভাই হত্যার রায় শুনতে আজ আদালতে আসেন মামলার বাদী মো. হানিফ। তিনি আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, আসামি আমিরই গুলি করে হত্যা করে। অন্তত তার ফাঁসির আদেশ হলে ভাইয়ের আত্মা শান্তি পেত। এই রায়ে তিনি অসন্তুষ্ট। আইনজীবীর সঙ্গে আলাপ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।