ব্যবসায়ী হত্যার প্রতিবাদে কোম্পানীগঞ্জে মানববন্ধন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ব্যবসায়ী নেতা জৈনউদ্দিন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা সদরের টুকেরবাজার থেকে দয়ারবাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশে এই কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নেন। দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত চলে এই কর্মসূচি। দয়ারবাজার ব্যবসায়ী সমিতি এই কর্মসূচির ডাক দেয়।ব্যবসায়ী জৈনউদ্দিন ১৭ জুলাই রাতে দুর্বৃত্তের হাতে খুন হন। তিনি দয়ারবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। এ খুনের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় নয়জনকে আসামি করে মামলা করা হয়। ওই মামলায় রজন আলী নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মানববন্ধন কর্মসূচি চলাকালে কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের দয়ারবাজার, ধলাই সেতু, পাড়ুয়া, টুকেরবাজার—এ চার স্থানে সংহতিসভা করা হয়। সব শেষে দয়ারবাজারে করা হয় সমাবেশ।মুক্তিযোদ্ধা শাসসুল হকের সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, জৈনউদ্দিনের ছেলে ফারহান উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।হত্যাকাণ্ডের সাত দিন পরও আসামি গ্রেপ্তারে পুলিশের ব্যর্থতার বিষয়ে প্রশ্ন তোলেন বক্তারা। তাঁরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক সরকার বলেন, আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে।