ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন
চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যার দায়ে মনজুর আলম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এই রায় দেন।
মামলার সরকারি কৌঁসুলি নোমান চৌধুরী বলেন, নগরের চাক্তাইয়ের শুঁটকি ব্যবসায়ী আবদুল জব্বার ২০০৩ সালের ৬ ডিসেম্বর স্পিডবোটযোগে চট্টগ্রাম থেকে কুতুবদিয়ায় তাঁর গ্রামের বাড়িতে যাওয়ার সময় রাত ১২টার দিকে নগরের পতেঙ্গা থানার কয়লার ডিপো এলাকায় পৌঁছায়। ওই সময় মনজুর আলম আরেকটি স্পিডবোটযোগে এসে আবদুল জব্বারের সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে মারধর করে তাঁকে নদীতে ফেলে দেন। আবদুল জব্বারের সঙ্গে মনজুর আলমের পূর্বশত্রুতা ছিল। এই ঘটনায় নিহত ব্যক্তির ভাই আবদুর রহিম বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। ২০০৬ সালের ২৭ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন। আসামি মনজুর জামিনে গিয়ে পলাতক রয়েছেন বলে জানান নোমান চৌধুরী।