ব্যবসায়ী হত্যায় ছয় জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলায় ব্যবসায়ী আবদুস সালাম হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।

দণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন: সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের দুই ভাই সাইফুল ইসলাম (৫০) ও আবদুল হাই (৩০), একই গ্রামের মোকিম (৩০), সুলতান আহমেদ (২৬), জামিল হোসেন (২০) ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চৈট্ট গ্রামের হমজনু মিয়া (৩৬)।

আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক ইমান আলী শেখ এ রায় দেন।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে ব্যবসায়ী আবদুস সালামের সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিদের জমিজমা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে আসামিরা সালামকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিতেন। এ ঘটনায় আবদুস সালাম ২০০৭ সালে সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২০০৭ সালের ২২ অক্টোবর রাতে সালাম কাজ শেষে শিয়ালকোল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে রঘুনাথপুর জোড়া ব্রিজের কাছে আসামিরা সালামের ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৯ সালের ৭ জানুয়ারি ছয়জনকে আসামি করে সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। শুনানি শেষে আসামদের উপস্থিতিতে আজ আদালত এই এ রায় ঘোষণা করেন।