ব্যবসায়ী হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রুস্তম আলী মাতুব্বর নামে চিংড়িঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যার দায়ে তিনজনকে ফাঁসি এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান এই রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফকিরহাট উপজেলার নলধা গ্রামের তপন মণ্ডল, একই গ্রামের জিহাদ শেখ ও অতনু মণ্ডল। এঁদের মধ্যে জিহাদ কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন ফকিরহাট উপজেলার নলধা গ্রামের আবদুর রউফ শেখ এবং ডহর মৌভোগ গ্রামের ত্রিনাথ হীরা, নরেশ ঢালী, শিবশঙ্কর হীরা, কৃষ্ণ বালা ও বাহাউদ্দিন গাজী।
হত্যাকাণ্ডে ফকিরহাট উপজেলার কাঁঠালতলা গ্রামের ইমরুল শেখ নামে অভিযুক্ত আরেকজনের সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে ফকিরহাট উপজেলার নলধা গ্রামের চিংড়িঘের ব্যবসায়ী রুস্তম আলী মাতুব্বরের বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে তাঁকে হত্যা করা হয়। আসামিদের সঙ্গে রুস্তম আলীর চিংড়িঘের ব্যবসা ও স্থানীয় আধিপত্য নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাঁকে গুলি করে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের পরদিন নিহতের ভাই জয়নাল মাতুব্বর বাদী হয়ে ফকিরহাট থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ফকিরহাট থানার তত্কালীন উপপরিদর্শক (এসআই) মো. আসাদ আলী তদন্ত শেষে ২০০৪ সালের ২৮ ফেব্রুয়ারি ওই ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করেন।