ব্যবসায়ী হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

রাজধানীর কাপ্তান বাজারের ব্যবসায়ী ও প্রকৌশলী আরেফিন আবেদীন খান ওরফে রাজন হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার জেলা দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজনের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, কর্মচারী জাহাঙ্গীর হোসেন ও আলমগীর ঢালী। এঁদের মধ্যে মোস্তাফিজুর রহমান ও জাহাঙ্গীর হোসেন পলাতক রয়েছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মাসুদ আহমেদ, নাজমুল ও নিয়ামত। এর মধ্যে নাজমুল ও নিয়ামত মামলার শুরু থেকে পলাতক রয়েছেন।
আদালতের রায়ে বলা হয়েছে, পরিকল্পিতভাবে ডেকে নিয়ে আরেফিন আবেদীনকে হত্যা করা হয়। নিহত আরেফিনের কর্মচারী মোস্তাফিজুর ও জাহাঙ্গীর ৩৫ লাখ টাকা আত্মসাৎ করতে ভাড়াটে খুনি দিয়ে হত্যার পরিকল্পনা করেন। রাষ্ট্রপক্ষ ২৮ জনের সাক্ষ্যের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণ করেছেন।
সাজাপ্রাপ্ত উপস্থিত দুই আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের তারিখ থেকে তাঁদের বিরুদ্ধে রায় কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত আরেফিনের বাবা জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, রায়ে তিনি সন্তুষ্ট।
আরেফিন কাপ্তানবাজার এলাকার এরশাদ মার্কেটের এনার্জি বাল্ব বিপণনকারী একটি প্রতিষ্ঠানের মালিক ও ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ১৩ অক্টোবর নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নিখোঁজ হন তিনি। পরের দিন দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চিতাখোলা এলাকার একটি ডোবা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় আরেফিনের মা হোসনে আরা বেগম বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।