
বাসা থেকে বেরিয়ে নিরুদ্দেশ। তিন দিন পর বুড়িগঙ্গা নদীতে ভাসতে থাকা লাশ উদ্ধার। ব্যবসায়ী মো. হাসান খালেদের (৫৪) মৃত্যুকে ঘিরে রহস্যের কোনো কিনারা হয়নি। কারা কী উদ্দেশ্যে তাঁকে হত্যা করে থাকতে পারে, অনুসন্ধানের কোনো সূত্র পায়নি পুলিশ। লাশ উদ্ধারের সাত দিন পরও এ ঘটনায় মামলা হয়নি। তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, জানা যায়নি ময়নাতদন্তে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তৈরি পোশাক ব্যবসায়ী ও ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসান খালেদ গত ২৩ জুলাই সকাল সাড়ে আটটার দিকে তাঁর ধানমন্ডির ৪/এ নম্বর সড়কের বাসা থেকে বের হন ওষুধ কেনার কথা বলে। তিনি আর বাসায় ফেরেননি। স্বজনেরা ওই দিন রাতে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২৬ জুলাই কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ থানার মাঝামাঝি খোলামোড়া ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে হাসান খালেদের লাশ পাওয়া যায়।
ধানমন্ডি থানা-পুলিশ জানিয়েছে, বাসা থেকে বের হওয়ার পরপরই সকাল ৮টা ৩৩ মিনিটে বাসার সামনেই হাসান খালেদের মুঠোফোন দুটি বন্ধ হয়ে যায়।
গতকাল মঙ্গলবার হাসান খালেদের ধানমন্ডির বাসায় গেলে তাঁর স্ত্রী দিলারা খালেদ প্রথমে কথা বলতে রাজি হননি। পরে তিনি প্রথম আলোকে বলেন, কিছুদিন থেকে হাসান খালেদের ব্যবসায় মন্দা যাচ্ছিল। একটি বেসরকারি ব্যাংকে তাঁর প্রায় ৫০ লাখ টাকা ঋণ ছিল। এ নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। মানসিক চাপ কমাতে গত রমজানের আগে তিনি মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেন। ওই মনোরোগ বিশেষজ্ঞ হাসান খালেদকে কিছু ওষুধ দিয়েছিলেন। প্রায় এক মাস থেকে তাঁর স্বামী নিয়মিত ওষুধগুলো খেতেন। ঘটনার দিন ওষুধ শেষ হয়ে যাওয়ায় হাসান নাশতা না করে ওষুধ কিনতে বাসা থেকে বের হন। ফিরে এসে নাশতা করার কথা ছিল।
মানসিক চাপে হাসান খালেদ আত্মহত্যা করে থাকতে পারেন কি না জানতে চাইলে দিলারা খালেদ বলেন, ‘আত্মহত্যা করবে কেন? এমন কিছু তো হয়নি।’ তবে কেউ তাঁকে হত্যা করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা কিছু জানি না। তার কোনো শত্রু ছিল না। কোনো ব্যক্তির কাছে তার বড় কোনো ঋণও ছিল না।’ দিলারা খালেদ এ ব্যাপারে কাউকে সন্দেহ করতে পারছেন না বলে জানিয়েছেন।
কোন মনোরোগ বিশেষজ্ঞ তাঁকে চিকিৎসা দিচ্ছিলেন—এ সম্পর্কে দিলারা খালেদ কোনো তথ্য দিতে পারেননি।
হাসান খালেদ যে বাসায় থাকতেন, ওই বাসার নিরাপত্তারক্ষী মো. রাসেল বলেন, ২৩ জুলাই সকালে তিনি হাসান খালেদকে একা বাসা থেকে বের হয়ে যেতে দেখেছেন। বাসা থেকে বের হয়ে তিনি বাঁ দিকের মূল সড়কের দিকে গেছেন।
ওই বাসার আশপাশে তিনটি ওষুধের দোকান আছে। দোকানগুলোর কোনোটিতে হাসান খালেদ ওষুধ কিনতে ঢুকেছিলেন, এমন প্রমাণ পাওয়া যায়নি। বাসার সবচেয়ে কাছের ওষুধের দোকানটির নাম সায়মা ফার্মেসি। এই ফার্মেসির মালিক আবিদুর রহমান বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হাসান খালেদের এই ফার্মেসিতে আসার তথ্য পাওয়া যায়নি।
ধানমন্ডি থানার উপপরিদর্শক খায়রুল বাশার প্রথম আলোকে বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা—এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। হাসান খালেদের পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে তিনি কথা বলেছেন। তাঁরা কাউকে সন্দেহ করতে পারছেন না। তাঁর ব্যবহৃত মুঠোফোন দুটিও পাওয়া যায়নি। মুঠোফোন দুটি ট্র্যাক করে ও কললিস্ট বিশ্লেষণ করে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
খায়রুল বাশার বলেন, হাসান খালেদের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদনে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ভিসেরা পরীক্ষার কথা বলা হয়েছে।
কোনো মামলা হয়েছে কি না জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, এখনো মামলা হয়নি, দু-এক দিনের মধ্যেই পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।