ব্যবসায়ীকে অপহরণ ছাত্রলীগের দুই কর্মীকে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই কর্মী ও এক অটোরিকশা চালককে আটক করেছে হাটহাজারী থানার পুলিশ। পরে ব্যবসায়ীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের রেলস্টেশনের সামনে একটি ‘বিকাশ কেন্দ্র’ থেকে এক লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা ছাত্রলীগের আ জ ম নাছিরের অনুসারী বলে পরিচিত। আটক ব্যক্তিরা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের তৃতীয় বর্ষের শাহরিয়ার শাহীন ও অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের মোহাম্মদ সোহেল। অটোরিকশা চালকের নাম মো. মিজানুর রহমান। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয় দক্ষিণ ক্যাম্পাসের নীপবন স্কুলের সামনে থেকে তাঁদের আটক করা হয়।পুলিশ জানায়, সকাল নয়টা ৩৭ মিনিট ও নয়টা ৪০ মিনিটে যথাক্রমে এক লাখ ও ৬৪ হাজার ৮১০ টাকা ছাত্রলীগের ওই কর্মীদের নামে জমা করা হয়। হিসাবে টাকা জমা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে ছাত্রলীগের ওই দুই কর্মী ব্যবসায়ীকে হাত ও চোখ বেঁধে অটোরিকশায় করে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানের দিকে নিয়ে যাচ্ছিলেন। ঘটনাটি দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে।আটক ব্যক্তিরা বর্তমানে হাটহাজারী থানা হেফাজতে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লা বলেন, ‘আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছে। জড়িত প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’