ব্যবসায়ীকে অপহরণ ‘মুক্তিপণ’ নিতে গিয়ে ধরা
সিলেটে এক ব্যবসায়ীকে অপহরণ করে বাসায় আটকে রেখে ‘মুক্তিপণ’ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন তিন ব্যক্তি। রোববার দিবাগত রাত ১০টার দিকে তিন অপহরণকারীকে আটক করা হয়। তাঁদের তথ্যে ব্যবসায়ীকে নগরের শেখঘাট এলাকার একটি বাসা থেকে উদ্ধার করে পুলিশ। অপহূত ব্যবসায়ী হচ্ছেন কিশোরগঞ্জ জেলার রসুলপুর গ্রামের বাসিন্দা মখলিছুর রহমান। অপহরণের অভিযোগে আটক তিনজন হচ্ছেন সিলেট নগরের কুয়ারপারের বাসিন্দা সমীরণ পাল, রামেন্দ্র পাল ও শহরতলির মেজরটিলা চামেলীবাগের পাপলু মিয়া। পুলিশ জানায়, রোববার সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক বন্দরবাজার থেকে ব্যবসায়ী মখলিছুর রহমানকে অপহরণ করেন। এরপর তাঁকে নগরের শেখঘাটে একটি বাসায় আটকে রেখে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তাঁরা। একপর্যায়ে অপহরণকারীরা তিন লাখ টাকা ‘মুক্তিপণ’ দিলে ব্যবসায়ীকে ছেড়ে দিতে রাজি হন। তখন ব্যবসায়ী মখলিছ মুঠোফোনে কিশোরগঞ্জে তাঁর ভাইকে রেইনবো পার্সেলের মাধ্যমে তিন লাখ টাকা পাঠাতে বলেন। বিষয়টি মখলিছের ভাই সিলেট মহানগর পুলিশের লামাবাজার ফাঁড়ি পুলিশকে জানান। রাত নয়টার দিকে পাপলু নামের এক অপহরণকারী নগরের বারুতখানায় রেইনবো পার্সেলে টাকা আনতে গেলে সেখানে আগে থেকেই ওত পেতে থাকা পুলিশ তাঁকে আটক করে। লামাবাজার ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মাইনউদ্দিন জানান, আটক পাপলুর দেওয়া তথ্য অনুযায়ী নগরের শেখঘাটের একটি বাসা থেকে ব্যবসায়ী মখলিছুর রহমানকে উদ্ধার করা হয়। সেখান থেকে আরও দুজনকে আটক করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে।