ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, তিনজনকে পুলিশে সোপর্দ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতায় গ্রামবাসীর প্রতিরোধের মুখে একটি অপহরণ চেষ্টা ব্যর্থ হয়েছে। সাইফুল ইসলাম (২২) নামের এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টাকালে গ্রামবাসী অপহরণকারী তিন যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাত ১১টায়। আটক তিন অপহরণকারী হলেন নতিপোতা গ্রামের মহিরউদ্দিনের ছেলে মতিয়ার রহমান (২৫), মওলা বকশের ছেলে মোশাররফ হোসেন (১৮) ও করিমপুর গ্রামের ইউসুফ মণ্ডলের ছেলে ডালিম হোসেন (১৮)। পুলিশ জানায়, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুবতলা পশ্চিমপাড়ার মোজাম সরকারের ছেলে ব্যবসায়ী সাইফুল ইসলাম গত ৫ অক্টোবর নতিপোতা গ্রামে তাঁর ভাইয়ের শ্বশুর আবদুর রশিদের বাড়িতে বেড়াতে আসেন। তিনি ৯ অক্টোবর শনিবার সন্ধ্যায় অংকেল নামের এক আত্মীয় ও তাঁর বন্ধু প্রসেনজিৎকে সঙ্গে নিয়ে বেড়াতে বের হন। রাত নয়টার দিকে তাঁরা তিনজন সখীপুর কবরস্থানের কাছে পৌঁছালে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত প্রসেনজিৎ ও অংকেলকে মারধর করে তাড়িয়ে দেয়। এরপর তারা সাইফুল ইসলামকে এলাকার একটি কলাবাগানে নিয়ে যায়। কলাবাগানে নিয়ে তাঁর চোখ বেঁধে ফেলা হয়। এ সময় তাঁর পকেটে থাকা দুটি মুঠোফোন, একটি এটিএম কার্ড ও ১৪ হাজার ১০০ টাকা কেড়ে নেয়। এরপর দুর্বৃত্তরা মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে। এ খবর মুহূর্তে গ্রামটিতে ছড়িয়ে পড়লে গ্রামবাসী এক হয়ে সাইফুলকে খুঁজতে নেমে যায়। তারা রাত ১১টার দিকে কলাবাগান থেকে তাঁকে হাতমুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে। উদ্ধারের পরপরই কলাবাগানের পাশ থেকে অপহরণকারী চক্রের তিন সদস্য গ্রামবাসীর হাতে ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়। গ্রামবাসী ওই তিনজনকে ধরে গণপিটুনি দিয়ে ভগিরথপুর পুলিশ ফাঁড়ির টহল সদস্যদের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় রোববার বেলা তিনটায় সাইফুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা থানায় আটক তিনজনকে আসামি করে অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। দামুড়হুদা থানার উপপরিদর্শক দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।