ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই
নোয়াখালী শহরের সরকারি কলেজসংলগ্ন পানির ট্যাংকি এলাকায় আবদুর রহিম ওরফে কিরণ (৪০) নামের এক রেস্তোরাঁ ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা রহিমের মুঠোফোন, মোটরসাইকেল ও টাকা নিয়ে যায়। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন কিরণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আবদুর রহিম বলেন, তিনি প্রতিদিনের মতো ব্যবসাপ্রতিষ্ঠানের হিসাব শেষ করে মোটরসাইকেল নিয়ে রাত দেড়টার দিকে নোয়াখালী সরকারি কলেজ সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন। পৌরসভার পানির ট্যাংকির কাছে পেঁৗছালে একদল ছিনতাইকারী সিএনজিচালিত অটোরিকশা দিয়ে তাঁর গতিরোধ করে। ছিনতাইকারীরা তাঁকে মোটরসাইকেল থেকে নামিয়ে লাঠি দিয়ে পেটাতে থাকে৷ পরে ছিনতাইকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৩৫ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়৷ একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁকে অস্ত্রের মুখে অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা তাঁর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে।