ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর কর্মচারীকে কুপিয়ে ১৫ ভরি স্বর্ণালংকার ও ৭০ হাজার টাকা লুট করেছে ছিনতাইকারীরা। গত রোববার রাতে উপজেলা সদরের গদা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত স্বর্ণ ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও তাঁর কর্মচারী লাবলু মিয়াকে প্রথমে কিশোরগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কিশোরগঞ্জ বাজারের শরীফ জুয়েলার্সের মালিক সিরাজুল ইসলামের বাবা আবদুল কুদ্দুস জানান, প্রতিদিনের মতো রোববার রাত ১০টার দিকে সিরাজুল ইসলাম ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দোকানের কর্মচারী লাবলু মিয়ার সঙ্গে বাড়ি ফিরছিলেন। বাড়ির ফটকের সামনে পৌঁছার পর পাঁচ-ছয়জন মুখোশধারী ছিনতাইকারী তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অলংকার ও টাকা নিয়ে যায়। এ ঘটনায় সিরাজুল ইসলাম মামলার প্রস্তুতি নিচ্ছেন।
গতকাল বিকেলে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, খবর পাওয়ার পর রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সকালে এএসপি সাজেদুর রহমানসহ আবারও ঘটনাস্থলে যান। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।