ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
সিলেটে আখতার আলী নামের একজন বালু-পাথর ব্যবসায়ীকে কুপিয়ে চার লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল ছিনতাইকারী। গত সোমবার রাত প্রায় সাড়ে ১০টায় নগরের কালীবাড়ি রোডে এ ঘটনা ঘটে।মাথায় ও হাতে দায়ের কোপে আহত ব্যবসায়ীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, আখতার আলী (৩৫) নগরের পাঠানটুলা এলাকায় বালু-পাথর মজুদ রেখে ব্যবসা করতেন। সোমবার রাতে তিনি ব্যবসাস্থল থেকে বালু-পাথর বিক্রির চার লাখ ৭০ হাজার টাকা নিয়ে রিকশায় করে কালীবাড়ি রোডের বাসায় ফিরছিলেন।পথে তাঁর রিকশার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় তিনটি মোটরসাইকেলযোগে আসা ছয়জন ছিনতাইকারী। এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা দা দিয়ে তাঁর মাথার এক পাশে ও হাতে কোপ দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।জালালাবাদ থানার ওসি জামাল আহমদ বলেন, ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। এ ব্যাপারে অভিযোগ পেলে পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করবে।