ব্যবসায়ীকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাই, বিক্ষোভ
শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার বাসস্ট্যান্ডের এক ব্যবসায়ীকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে গতকাল বুধবার দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।
আহতের নাম রেজাউল করিম সরদার (৫০)। তিনি পৌরসভার মধ্যপাড়ার বাসিন্দা। মনোহর বাজারে তাঁর মুঠোফোনে টাকা ভরা ও মুঠোফোনের মাধ্যমে টাকা লেনদেনের ব্যবসা রয়েছে।
মনোহর বাজার বাসস্ট্যান্ডের কয়েকজন ব্যবসায়ী সূত্রে জানা যায়, রেজাউল মঙ্গলবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে শরীয়তপুর-ঢাকা সড়ক দিয়ে মধ্যপাড়ায় নিজের ভাড়া বাসায় ফিরছিলেন। পথে ছোহরাব শিকদারের বাড়ির সামনে একদল দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। সেই সঙ্গে তাঁর কাছে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়। এক পথচারী তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে মনোহর বাজার বাসস্ট্যান্ডে নিয়ে আসেন। সেখান থেকে তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখেন। দুপুরে তাঁরা একটি মিছিল বের করেন। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জায়গাটিতে এর আগেও একাধিকবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাঁরা জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন মনোহর বাজার মোড় বণিক সমিতির সভাপতি দোলায়ার হোসেন বেপারী, সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন প্রমুখ।
শরীয়তপুর সদর (পালং) মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আসলে এটি ছিনতাই কি না তা নিশ্চিত হওয়া যায়নি। রেজাউলের শরীরের ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করা হয়েছে। বিষযটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।