ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ বাজারের একজন চাল ব্যবসায়ীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গত রোববার রাত প্রায় সাড়ে ১০টার দিকে কানাইঘাটের নয়ামাটি গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্র জানায়, পূর্ববিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার তিনজনকে আটক করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার রাতে ব্যবসায়ী আবুল কালাম ওরফে মিনার (৫০) রাজাগঞ্জবাজারে তারাবি নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। নয়ামাটি গ্রামের খালিবাড়ি নামক স্থানে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর মাথা ও বুকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় কালামের চিৎকারে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত ব্যবসায়ীর চাচাতো ভাই শরীফ উদ্দিন সাংবাদিকদের বলেন, আবুল কালাম রাজাগঞ্জ বাজারের ‘কালাম এন্টারপ্রাইজ’ নামের চালের আড়তের মালিক। তাঁর সঙ্গে কারও ব্যবসায়িক বা ব্যক্তিগতভাবে প্রকাশ্য কোনো বিরোধ নেই। কারা তাঁকে হত্যা করেছে, তা বোঝা যাচ্ছে না। কানাইঘাট থানার ওসি মোহাম্মদ আবদুল হাই জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুর গ্রামের ওলিউর রহমান ও তাঁর দুই বোনকে আটক করা হয়েছে। ওই পরিবারের সঙ্গে কিছুদিন আগে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে কালামের সালিস বৈঠক হয়েছিল।